প্রিন্ট এর তারিখ : ০৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬
হত্যার রহস্য উন্মোচনে ফের পুলিশি জিজ্ঞাসাবাদে দীপ
সংবাদ দিগন্ত ||
বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় গ্রেপ্তার আহমেদ শাহরিয়ার রেজা দীপকে দ্বিতীয় দফায় সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ। প্রথম দফায় জিজ্ঞাসাবাদে তিনি গুরুত্বপূর্ণ তথ্য দিলেও বেশ কিছু প্রশ্নের উত্তর কৌশলে এড়িয়ে গেছেন বলে আদালতে দাখিল করা আবেদনে উল্লেখ করেছেন মামলার তদন্ত কর্মকর্তা। মঙ্গলবার (৩ নভেম্বর) নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা ফিরোজ উদ্দিন ঢাকার আদালতে এ রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, প্রথম দফায় চার দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ ঘটনার বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। সেসব তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। তবে জিজ্ঞাসাবাদের সময় তিনি একাধিক প্রশ্নের উত্তর কৌশলে এড়িয়ে গেছেন এবং কিছু ক্ষেত্রে নীরবতা পালন করেছেন।আরও পড়ুন,শেখ হাসিনা ও কামালের সম্পত্তি হস্তান্তর ঠেকাতে চিঠি ঘটনার রহস্য উদ্ঘাটন ও নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের স্বার্থে তাঁকে পুনরায় রিমান্ডে নেওয়া প্রয়োজন। মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাতের আদালতে রিমান্ড আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে। এর আগে গত শনিবার দীপকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। একই মামলায় গ্রেপ্তার এক তরুণীও বর্তমানে চার দিনের রিমান্ডে রয়েছেন। গত রোববার আদালত তাঁর রিমান্ড মঞ্জুর করেন। মামলার তথ্য অনুযায়ী, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় দীপের ডাকে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফ। পরদিন বিকেলে তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। এ ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে গত শুক্রবার রাতে রাজধানীর উত্তরখান থানায় হত্যা মামলা করেন নিহতের বাবা কে এম এনায়েতুল করিম। তাহসিফের মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার সঙ্গে কারা জড়িত, তা উদ্ঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত