প্রিন্ট এর তারিখ : ০৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬
রিমান্ডে চোখ বাঁধার অভিযোগ জামায়াত নেতার
সংবাদ দিগন্ত ||
কারাগার থেকে মুক্তি পেয়ে পুলিশের রিমান্ডে নেওয়া এবং জিজ্ঞাসাবাদের সময় চোখ বেঁধে জামায়াতের বিষয়ে প্রশ্ন করার অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর নেতা আখতারুজ্জামান। একই সঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠায় স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রধানমন্ত্রীকে ভাবার আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার তিন নভেম্বর সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাওয়ার পর কারাফটকে সাংবাদিকদের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন আখতারুজ্জামান। তিনি বলেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছেন। এক মাসের কষ্টের পরও সবার সামনে দাঁড়াতে পেরে তিনি সন্তুষ্ট। তবে তাকে কেন রিমান্ডে নেওয়া হয়েছিল, রিমান্ডে নিয়ে কেন চোখ বেঁধে রাখা হয়েছিল এবং জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ বিষয়ে কেন প্রশ্ন করা হয়েছিল এ নিয়ে প্রশ্ন তোলেন তিনি। আরও পড়ুন,প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে শপথআখতারুজ্জামানের অভিযোগ, একটি রাজনৈতিক দলের অভ্যন্তরীণ বিষয়ে তথ্য নেওয়া গোয়েন্দা পুলিশের দায়িত্বের মধ্যে পড়ে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। এ সময় আইনের শাসন প্রতিষ্ঠার স্বার্থে স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রধানমন্ত্রীকে ভাবার আহ্বান জানান তিনি। মুক্তির পর নিজের রাজনৈতিক অবস্থান তুলে ধরে জামায়াতের এই নেতা বলেন, তারা সত্য ও ন্যায়ের রাজনীতি করেন। সত্যের রাজনীতি কখনো পরাজিত হবে না বলেও মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, জনগণের পাশে থাকা এবং জনগণের অধিকার আদায়ের আন্দোলন অব্যাহত রাখতে চান। এ জন্য সবার কাছে দোয়া চান তিনি। আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সম্পর্কে জানতে চাইলে আখতারুজ্জামান বলেন, তাদের প্রতিবাদ অব্যাহত থাকবে। তবে পরবর্তী বক্তব্য ও কর্মসূচির বিষয়ে জামায়াতের আমিরের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানাবেন তিনি।এ সময় কারাফটকে উপস্থিত নেতাকর্মী ও সংসদ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জামায়াতের এই নেতা।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত