প্রিন্ট এর তারিখ : ০৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬
তানভীর মোকাম্মেলের নতুন চলচ্চিত্রে জসীমউদ্দীনের কাব্য
সংবাদ দিগন্ত ||
বাংলা সাহিত্যের কালজয়ী কাব্য ‘সোজন বাদিয়ার ঘাট’ এবার উঠে আসছে বড় পর্দায়। কবি জসীমউদ্দীনের অমর সৃষ্টি অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করছেন প্রখ্যাত পরিচালক তানভীর মোকাম্মেল। ইতোমধ্যে সিনেমাটির প্রায় ৭০ শতাংশ শুটিং সম্পন্ন হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই এ তথ্য জানিয়েছেন পরিচালক। প্রায় দুই ঘণ্টা দৈর্ঘ্যের এই চলচ্চিত্রের চিত্রনাট্যও লিখেছেন তানভীর মোকাম্মেল। সিনেমাটির চিত্রগ্রহণ করছেন রাকিবুল হাসান এবং সম্পাদনার দায়িত্বে রয়েছেন মহাদেব শি। শিল্প নির্দেশনায় আছেন উত্তম গুহ। আবহসংগীত পরিচালনা করছেন সৈয়দ শাবাব আলী আরজু। অন্যদিকে পোশাক পরিকল্পনা ও চরিত্র নির্বাচনের দায়িত্ব পালন করছেন চিত্রলেখা গুহ। সিনেমাটিতে নামভূমিকায় অভিনয় করছেন তনয় বিশ্বাস। দুলি চরিত্রে দেখা যাবে রাদিফা নারমিনকে।আরও পড়ুন,ব্যক্তিগত মুহূর্ত ফাঁস, কঠোর পদক্ষেপের ভাবনা টেইলরের তাঁদের শৈশবের চরিত্রে অভিনয় করছেন দিহান ও শ্রেয়া বৈদ্য। এ ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন চিত্রলেখা গুহ, কাজী রাজু, জুবায়ের জাহিদ, আহসানুল হক মিনু, স্বপ্না বৈদ্য, শাহ আলম দুলাল ও রেজাউল করিম রেজাসহ অনেকে। চলচ্চিত্রটির সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন সৈয়দ শাবাব আলী আরজু, সাগির মোস্তফা, সন্দীপ মিস্ত্রি ও অপরাজিতা সংগীতা। সহপ্রযোজক হিসেবে রয়েছেন হাসনা জসীমউদ্দীন মওদুদ। জসীমউদ্দীনের ‘সোজন বাদিয়ার ঘাট’ বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কাব্য। দুই ভিন্ন ধর্মের তরুণ-তরুণীর প্রেমকে কেন্দ্র করে রচিত এ আখ্যানে উঠে এসেছে গ্রামীণ জীবন, সামাজিক বাস্তবতা, সাম্প্রদায়িক বিভেদ এবং মানবিক সম্পর্কের গভীরতা। দীর্ঘদিনের জনপ্রিয় এই সাহিত্যকর্ম চলচ্চিত্রে কীভাবে নতুন মাত্রা পায়, তা নিয়ে ইতোমধ্যে দর্শক ও সংস্কৃতিপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। শুটিংয়ের বাকি অংশ শেষ করে সিনেমাটি বড় পর্দায় আনার প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত