প্রিন্ট এর তারিখ : ০৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬
শেখ হাসিনাকে ঘিরে অস্থিরতার চেষ্টা চলতে পারে
সংবাদ দিগন্ত ||
পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা শুধু ডিসেম্বর মাসেই সীমাবদ্ধ থাকবে না; আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা জীবিত থাকা পর্যন্ত এ ধরনের তৎপরতা অব্যাহত থাকতে পারে বলে মনে করছে সরকার। তবে যেকোনো ষড়যন্ত্র ও নাশকতার চেষ্টা প্রতিহত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (৩ নভেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণ প্রসঙ্গে উপদেষ্টা জানান, সাধারণত পাঁচ বছর পরপর শ্রমিকদের মজুরি পর্যালোচনা করা হয়। সর্বশেষ ২০২৩ সালে মজুরি পুনর্নির্ধারণ করা হয়েছিল। সে হিসাবে ২০২৬ সালে নতুন মজুরি বোর্ড গঠনের বাধ্যবাধকতা না থাকলেও মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় ও জ্বালানির মূল্যবৃদ্ধি বিবেচনায় সরকার আগেভাগেই নতুন মজুরি বোর্ড গঠন করেছে। তিনি বলেন, শ্রমিকদের জীবনযাত্রা কঠিন হয়ে উঠেছে। তাঁদের ন্যায্য দাবির বিষয়টি সরকার বিবেচনায় নিয়েছে। ফলে আন্দোলনের মূল দাবির একটি গুরুত্বপূর্ণ অংশ সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে চলমান আন্দোলনে সহিংসতা ও নাশকতার অভিযোগ তুলে তিনি বলেন, কিছু কর্মকাণ্ড প্রকৃত পোশাকশ্রমিকদের আচরণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আরও পড়ুন,বিমানবন্দর ঘটনায় করা মামলায় জামিন, মুক্ত আখতারুজ্জামানআওয়ামী লীগের রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার সক্ষমতা সীমিত থাকলেও দলটির কাছে থাকা অর্থ ব্যবহার করে বিভিন্ন স্থানে অস্থিরতা তৈরির চেষ্টা হতে পারে বলে তাঁর ধারণা। ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বিষয়টি শুধু ডিসেম্বরকেন্দ্রিক নয়। শেখ হাসিনা জীবিত থাকা পর্যন্ত এ ধরনের চেষ্টা চলতে পারে বলে সরকার মনে করছে। তবে সরকার এসব তৎপরতা প্রতিহত করবে। অন্যদিকে আন্দোলন নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আইন মেনে এবং পরিস্থিতি অনুযায়ী আনুপাতিক শক্তি প্রয়োগের নির্দেশনার কথা তুলে ধরেন তিনি। তাঁর ভাষ্য, অতীতের মতো দমন-পীড়নের পদ্ধতি অনুসরণ করতে চায় না সরকার। সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি ও ভীতি যতটা সম্ভব কমিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করাই লক্ষ্য। উপদেষ্টা আরও বলেন, আন্দোলনে কারা অংশ নিচ্ছেন এবং এর পেছনে কারা কাজ করছেন, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে গোয়েন্দা তথ্য রয়েছে। শ্রমিকদের ন্যায্য দাবি বিবেচনায় নেওয়ায় তাঁরা আন্দোলন থেকে সরে আসবেন বলে সরকার আশাবাদী।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত