প্রিন্ট এর তারিখ : ০৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬
শ্রমিক আন্দোলনে মেট্রোরেল স্টেশন বন্ধ
সংবাদ দিগন্ত ||
রাজধানীর মিরপুর-১১ এলাকায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আন্দোলনরত পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের পালটাপালটি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে শ্রমিকরা ফের সড়ক অবরোধ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। অন্যদিকে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়েন। দুই পক্ষের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া চলতে থাকে। শ্রমিক আন্দোলনের কারণে মিরপুর মেট্রোরেল স্টেশন বন্ধ রাখা হয়েছে। এতে ওই এলাকার সড়ক ও গণপরিবহন চলাচলেও বিঘ্ন সৃষ্টি হয়েছে। এদিকে শ্রমিক অসন্তোষের প্রভাব পড়েছে দেশের প্রধান শিল্পাঞ্চলগুলোর পোশাক কারখানায়। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) হিসাব অনুযায়ী, সোমবার বেলা সাড়ে ৩টা পর্যন্ত দেশের পাঁচটি শিল্পাঞ্চলের ২ হাজার ১৩৪টি কারখানার মধ্যে ৬৭৯টি বন্ধ ছিল। খোলা ছিল ১ হাজার ৪৫৫টি কারখানা।আরও পড়ুন,ঢাকা গাজীপুর ও নারায়ণগঞ্জে শ্রমিকদের সড়ক অবরোধবিজিএমইএর তথ্য অনুযায়ী, মিরপুরের ৩২০টি কারখানার মধ্যে ৫৫টি থেকে শ্রমিকরা বের হয়ে যান। এতে কাজ না করে বাড়ি ফিরে যেতে বাধ্য হন ৫৩ হাজার ৮৪০ জন শ্রমিক। গাজীপুর ও ময়মনসিংহের ৮৩৬টি কারখানার মধ্যে ৩৮২টি বন্ধ ছিল। সাভার, আশুলিয়া ও জিরানী শিল্পাঞ্চলের ৪৪১টি কারখানার মধ্যে ২২৩টিতে শ্রমিকরা কাজ বন্ধ রাখেন। এ অঞ্চলে কর্মবিরতিতে অংশ নেন প্রায় ৭ লাখ ৪৩ হাজার শ্রমিক। নারায়ণগঞ্জের ১৯৯টি কারখানার মধ্যে ৯টি থেকে শ্রমিকরা বের হয়ে যাওয়ার ঘটনা ঘটে। অন্যদিকে চট্টগ্রামের ৩৪০টি কারখানায় কোনো শ্রমিক অসন্তোষ বা কাজ বন্ধের ঘটনা ঘটেনি বলে বিজিএমইএর তথ্যে উল্লেখ করা হয়েছে। শ্রমিক অসন্তোষের কারণে বিভিন্ন শিল্পাঞ্চলে উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত