প্রিন্ট এর তারিখ : ০৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬
বিশ্বকাপের টিকিট পেতে ১৯৩ দেশের সমর্থকদের হিড়িক
সংবাদ দিগন্ত ||
২০২৭ সালের আইসিসি পুরুষ ওয়ানডে বিশ্বকাপের টিকিট ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। টুর্নামেন্ট শুরু হতে এখনো এক বছর সময় বাকি থাকলেও টিকিটের জন্য আবেদন জমা পড়েছে ১২ কোটির বেশি। আইসিসির তথ্য অনুযায়ী, ১ নভেম্বর পর্যন্ত মোট ১২ কোটি ৮০ লাখ ৯ হাজার ৪৬৭টি আবেদন জমা হয়েছে। বিশ্বের ১৯৩টি দেশের প্রায় ২৮ লাখ স্বতন্ত্র সমর্থক টিকিটের জন্য নিবন্ধন করেছেন। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার যৌথ আয়োজনে আগামী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। টিকিটের জন্য সবচেয়ে বেশি আগ্রহ দেখা যাচ্ছে দক্ষিণ আফ্রিকা, যুক্তরাজ্য, ভারত, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার সমর্থকদের মধ্যে। তিন আয়োজক দেশের ক্রিকেটপ্রেমীদের কাছ থেকেও বিপুল সাড়া মিলেছে। দক্ষিণ আফ্রিকার আটটি ভেন্যুতে অনুষ্ঠিতব্য ৪১টি ম্যাচের জন্য আবেদন জমা পড়েছে ১০ কোটি ৫০ লাখের বেশি। দেশটির নিজেদের ১১টি ম্যাচের টিকিটের জন্য আবেদন করেছেন প্রায় ২ কোটি ৬০ লাখ সমর্থক। জিম্বাবুয়ের ম্যাচগুলোর জন্য আবেদন ছাড়িয়েছে ১ কোটি ৩৩ লাখ। দেশটির ভিক্টোরিয়া ফলসের নতুন মোসি-ও-তুনিয়া আন্তর্জাতিক স্টেডিয়ামে ২৪ অক্টোবর ভারত-জিম্বাবুয়ে ম্যাচের জন্যই আবেদন পড়েছে ৩৩ লাখের বেশি।নামিবিয়ার উইন্ডহুকের ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিতব্য ছয়টি ম্যাচের জন্য আবেদন জমা পড়েছে ২০ লাখের বেশি। আরও পড়ুন, ক্রিকেটের ইতিহাসে কলঙ্কিত তিন নো বলের গল্পএর মধ্যে ৮ অক্টোবরের বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি; আবেদন পড়েছে প্রায় ৯ লাখ। তবে সবচেয়ে বেশি চাহিদা ভারত-পাকিস্তান ম্যাচকে ঘিরে। ১০ অক্টোবর জোহানেসবার্গে অনুষ্ঠেয় এ ম্যাচের টিকিটের জন্য আবেদন জমা পড়েছে ৮৩ লাখ ৯৭ হাজার ২৯৪টি। একই শহরে ২১ নভেম্বরের ফাইনালের জন্য আবেদন এসেছে প্রায় ৭৯ লাখ। আইসিসির ইভেন্ট ও ক্রিকেট অপারেশনস প্রধান গৌরব সাক্সেনা বলেন, ২৪ বছর পর আফ্রিকায় ওয়ানডে বিশ্বকাপ ফিরিয়ে আনার সিদ্ধান্তের প্রতি বিশ্বজুড়ে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ এই বিপুল আবেদনেই প্রতিফলিত হয়েছে। আগামী ২১ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট (সিএটি) পর্যন্ত টিকিট ব্যালটের নিবন্ধন চলবে। আগ্রহীরা tickets.cricketworldcup.com ওয়েবসাইটে বিনা মূল্যে আবেদন করতে পারবেন। চাহিদা টিকিটের সংখ্যার চেয়ে বেশি হলে লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হবে। ২০০৩ সালের পর প্রথমবার আফ্রিকায় হতে যাওয়া এ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার ১২টি ভেন্যুতে ১৪টি দল মোট ৫৭টি ম্যাচে অংশ নেবে। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো পুরুষদের ওয়ানডে বিশ্বকাপের ম্যাচ আয়োজন করবে নামিবিয়া।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত