প্রিন্ট এর তারিখ : ০৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬
রাজধানীতে বাটার জুতা মিলছে ২৫০ টাকায়
সংবাদ দিগন্ত ||
মাত্র ৪৫ টাকায় স্যান্ডেল, ২৫০ টাকায় চামড়ার জুতা আর ৬০০ টাকায় বাটার জুতা! রাজধানীর কারওয়ান বাজারে বাটার একটি বিশেষ বিক্রয়কেন্দ্রে সারা বছরই মিলছে ৫০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়। কম দামে ব্র্যান্ডের জুতা কিনতে প্রতিদিনই ভিড় করছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মিরপুর-১৪ নম্বর থেকে বাসে করে কারওয়ান বাজারে এসেছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শিহাব উদ্দিন। উদ্দেশ্য ছিল কম দামে ভালো মানের জুতা কেনা। বন্ধুর কাছ থেকে এই বিক্রয়কেন্দ্রের কথা শুনে এখানে আসেন তিনি। শেষ পর্যন্ত মাত্র ৬০০ টাকায় এক জোড়া জুতা কিনেছেন। তাঁর দাবি, একই জুতা অন্য শোরুম থেকে কিনতে গেলে খরচ হতো এক থেকে দেড় হাজার টাকা। শুধু শিক্ষার্থী নন, চাকরিজীবী ও বিভিন্ন পেশার মানুষও নিয়মিত আসছেন এই বিক্রয়কেন্দ্রে। কেউ নিজের জন্য, আবার কেউ পরিবারের সদস্যদের জন্য কিনছেন জুতা।আরও পড়ুন,কূটনৈতিক তৎপরতায় বিশ্ববাজারে তেলের দাম কমলো ৬ শতাংশ কারওয়ান বাজারে বিএসইসি ভবন ও মেট্রোস্টেশনের পাশে অবস্থিত বাটার এই শোরুমে চামড়ার জুতা, শু, স্যান্ডেল, কেডসসহ বিভিন্ন ধরনের পণ্য পাওয়া যাচ্ছে। অধিকাংশ জুতার দাম ২৫০ থেকে ৬০০ টাকার মধ্যে। কেডস ও শু পাওয়া যাচ্ছে এক হাজার থেকে ১ হাজার ২০০ টাকায়।এ ছাড়া ৩০০ থেকে ৪০০ টাকায় স্কুলের জুতা, ৯০০ টাকায় নিরাপত্তা জুতা এবং মাত্র ৪৫ টাকায় স্পঞ্জ স্যান্ডেল বিক্রি হচ্ছে। হাস পাপিস ও নর্থস্টারের জুতাও রয়েছে এই বিক্রয়কেন্দ্রে। শোরুম কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বাটার কারখানায় মান যাচাইয়ের সময় যেসব জুতা নির্ধারিত মানদণ্ডে উত্তীর্ণ হতে পারে না, সেগুলোর মধ্যে তুলনামূলক ভালো জুতাগুলো এখানে ছাড়ে বিক্রি করা হয়। তবে বড় ধরনের ত্রুটি থাকা জুতা বিক্রির জন্য আনা হয় না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মীরা। এই বিক্রয়কেন্দ্র থেকে বছরে প্রায় ৮০ হাজার থেকে এক লাখ জোড়া জুতা বিক্রি হয়। সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকে কারওয়ান বাজারের এই শোরুম। তবে প্রতি মঙ্গলবার সাপ্তাহিক বন্ধ। কম দামে ব্র্যান্ডের জুতা কেনার সুযোগ থাকলেও কেনার আগে জুতার মান, সেলাই ও ত্রুটি ভালোভাবে দেখে নেওয়ার পরামর্শ দিচ্ছেন ক্রেতারা।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত