প্রিন্ট এর তারিখ : ০২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬
একসঙ্গে ঘুরে বন্ধুত্বের গল্প শোনালেন তৌসিফ-সাফা-টয়া
সংবাদ দিগন্ত ||
ব্যস্ত শুটিংয়ের বাইরে বন্ধুদের সঙ্গে কিছুটা সময় কাটাতে সিলেটের লালাখালে ঘুরে বেড়িয়েছেন ছোট পর্দার জনপ্রিয় তিন অভিনয়শিল্পী তৌসিফ মাহবুব, সাফা কবির ও মুমতাহিনা টয়া। তাঁদের সঙ্গে যাওয়ার কথা থাকলেও ব্যস্ততার কারণে যেতে পারেননি অভিনেতা সিয়াম আহমেদ। তিন দিনের এই ভ্রমণে আড্ডা, গান, হাসি-ঠাট্টা আর প্রকৃতির সান্নিধ্যে সময় কাটিয়েছেন তাঁরা। গত ২৭ অক্টোবর ছিল তৌসিফ মাহবুবের জন্মদিন। প্রতিবছর কাজের ব্যস্ততায় জন্মদিন কাটলেও এবার আগে থেকেই শুটিং বন্ধ রেখে স্ত্রী ও বন্ধুদের নিয়ে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন তিনি। তৌসিফ জানান, বন্ধুদের সঙ্গে সময় কাটানোর ইচ্ছা থেকেই তাঁদের আমন্ত্রণ জানিয়েছিলেন। সাফা ও টয়া রাজি হলেও ব্যস্ততার কারণে সিয়াম যেতে পারেননি। সিলেটের লালাখালের সঙ্গে তৌসিফের রয়েছে বিশেষ স্মৃতি। ২০১২ সালের ডিসেম্বরে এই এলাকায় একটি কনসার্টে অংশ নেওয়ার পর ঢাকায় ফিরে ভোরে আবার ‘অলটাইম দৌড়ের ওপর’ নাটকের শুটিংয়ে লালাখালে এসেছিলেন তিনি। আরও পড়ুন,বকেয়া নিয়ে রামগোপাল ভার্মার বিরুদ্ধে আইনি নোটিশ প্রযোজনা সংস্থারতৌসিফের ভাষায়, এই জায়গাটি তাঁর সংগীতজীবনের শেষ অধ্যায় এবং অভিনয়জীবনের শুরুর স্মৃতি বহন করে। সাফা কবিরের কাছেও ভ্রমণটি ছিল বিশেষ অভিজ্ঞতা। তিনি বলেন, লালাখালের নীল পানি ও প্রাকৃতিক পরিবেশ তাঁকে মুগ্ধ করেছে। সকালে টয়ার সঙ্গে সূর্যোদয় দেখা, ঘোরাঘুরি এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানো তাঁকে মানসিকভাবে সতেজ করেছে। এমন ভ্রমণকে নিজের জন্য ‘প্রাকৃতিক ওষুধ’ বলেও উল্লেখ করেন তিনি। অন্যদিকে, টয়া জানান, বন্ধুদের সঙ্গে আড্ডা ও হাসি-ঠাট্টায় সময় কেটেছে দারুণ আনন্দে। ছবি তোলার সময়ও হাসি থামাতে না পারায় অনেক ছবিই হয়েছে স্বতঃস্ফূর্ত মুহূর্তের। সাফা জানান, এক যুগের বেশি সময়ের বন্ধুত্বে নানা ভুল-বোঝাবুঝি থাকলেও তাঁদের সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। এখন তাঁরা একে অপরের কাছে শুধু বন্ধু নন, পরিবারের অংশ। সিলেট থেকে ফিরেই আবার শুটিংয়ের ব্যস্ততায় ফিরেছেন তিন অভিনয়শিল্পী।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত