প্রিন্ট এর তারিখ : ০২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬
সহিংসতা ও বিশৃঙ্খলায় জড়িতদের কঠোরভাবে দমনের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
সংবাদ দিগন্ত ||
পোশাকশিল্পে সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টির সঙ্গে জড়িতদের কঠোরভাবে দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দিয়েছে সরকার। তবে শ্রমিকদের স্বার্থ রক্ষা, জীবনমান উন্নয়ন এবং পোশাক উৎপাদন ও রপ্তানি কার্যক্রম সচল রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (১ নভেম্বর) রাতে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে পোশাকশিল্পের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। প্রধানমন্ত্রীর নির্দেশনা সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও তাঁদের জীবনমান উন্নয়নের পাশাপাশি দেশের উৎপাদন ও উন্নয়ন কার্যক্রম যেন ব্যাহত না হয়, সেদিকে লক্ষ্য রেখে পদক্ষেপ নিতে বলেছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে রপ্তানি বাড়ানোর বিষয়টিও বিবেচনায় রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে।আরও পড়ুন,শ্রমিক বিক্ষোভ ও সংঘর্ষে উদ্বিগ্ন সরকার, বৈঠকে প্রধানমন্ত্রীসালাহউদ্দিন আহমদ বলেন, যারা সহিংসতায় জড়িত থাকবে, উচ্ছৃঙ্খল আচরণ করবে কিংবা অযৌক্তিকভাবে বিশৃঙ্খলা ও অস্থিরতা সৃষ্টির চেষ্টা করবে, তাদের কঠোরভাবে দমন করা হবে। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। রোববার সন্ধ্যা ৬টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়। প্রায় দেড় ঘণ্টার বৈঠকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শ্রম ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস উপস্থিত ছিলেন। বৈঠকে পোশাকশিল্পের চলমান পরিস্থিতি, শ্রমিকদের দাবি এবং উৎপাদন ও রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখার বিষয়ে আলোচনা হয়।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত