প্রিন্ট এর তারিখ : ০১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬
পুনেতে ১৮ তলা থেকে পড়ে মা ও ছেলের মৃত্যু
সংবাদ দিগন্ত ||
ভারতের মহারাষ্ট্রের পুনেতে একটি বহুতল আবাসিক ভবনের ১৮ তলা থেকে পড়ে এক নারী ও তাঁর ছয় বছর বয়সী ছেলের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় পিম্পরি-চিঞ্চওয়াড় এলাকার থেরগাঁও ওয়াকাডে এ ঘটনা ঘটে। পুলিশের প্রাথমিক ধারণা, মা ও ছেলে আত্মহত্যা করেছেন। নিহত নারীর নাম একতা ভাঙড়ে। তাঁর বয়স ৩৩ বছর। আর ছয় বছর বয়সী ছেলের নাম মাধব ভাঙড়ে। তাঁরা পুনের অভিজাত আবাসিক কমপ্লেক্স সিগনেচার পার্কে বসবাস করতেন। প্রায় দুই বছর ধরে স্বামী মনোজ ভাঙড়ে ও ছেলেকে নিয়ে ওই ভবনের সপ্তম তলায় থাকছিলেন একতা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১০টার দিকে প্রতিদিনের মতো কর্মস্থলে চলে যান একতার স্বামী মনোজ। তিনি ইয়েরওয়াড়ার একটি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানে চাকরি করেন। ওই সময় বাসায় ছিলেন একতা ও তাঁর ছেলে। আরও পড়ুন,যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগে কেন বাড়ছে আগ্রহসন্ধ্যা সাড়ে ৬টার দিকে আবাসিক ভবনের একটি ডাক্ট থেকে বিকট শব্দ শুনতে পান বাসিন্দারা। পরে শব্দের উৎস খুঁজতে গিয়ে নিচে একতা ও মাধবকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তাঁরা। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ওয়াকাড থানার পুলিশ। তদন্তের অংশ হিসেবে ভবনের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করেন কর্মকর্তারা। ফুটেজে দেখা গেছে, ঘটনার আগে একতা তাঁর ছেলেকে নিয়ে লিফটে করে ভবনের ১৮ তলায় উঠেছিলেন। পরে ভবনের গ্যালারির রেলিংয়ের কাছে তাঁদের জুতা ও স্যান্ডেল পড়ে থাকতে দেখা যায়। এসব তথ্যের ভিত্তিতে পুলিশের প্রাথমিক ধারণা, মা ও ছেলে ভবনের ওপর থেকে নিচে পড়ে মারা গেছেন। পুলিশ দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তবে কী কারণে এমন ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত