প্রিন্ট এর তারিখ : ০১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬
‘১০ মিনিটেই ধ্বংস করতে পারি’
সংবাদ দিগন্ত ||
ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলার হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট এক বা দুটি গুরুত্বপূর্ণ স্থাপনা এখনো ধ্বংস করা বাকি রয়েছে। চাইলে মাত্র ১০ মিনিটের মধ্যেই সেগুলোতে হামলা চালানো সম্ভব। অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যেকোনো ধরনের হুমকির তাৎক্ষণিক জবাব দিতে সামরিক কমান্ডারদের নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। শনিবার (৩১ অক্টোবর) ফ্লোরিডায় নিজের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন। ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করেছে। তবে এখনো এক বা দুটি স্থাপনা বাকি রয়েছে। ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ স্থাপনার কথা উল্লেখ করে তিনি বলেন, এসব লক্ষ্যবস্তুতে দ্রুত অভিযান চালানো সম্ভব। চলতি সপ্তাহেই ইরানে হামলা চালানো হতে পারে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘এমন বোকার মতো প্রশ্ন করছেন কেন? ধরুন, আমি যদি হামলা চালাইও, তাহলে কি আপনাকে তা জানাব?’ তবে ইরানের সঙ্গে আলোচনা ভালোভাবে এগোচ্ছে বলে দাবি করেন তিনি।আরও পড়ুন,ইরানের বিরুদ্ধে নতুন হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল? একই সঙ্গে তেহরানের ওপর অতিরিক্ত আস্থা রাখা যায় না বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হুমকির জবাবে তাৎক্ষণিক পদক্ষেপ নিতে সামরিক কমান্ডারদের নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। এক বিবৃতিতে বলা হয়েছে, শীর্ষ সামরিক কমান্ডারদের সঙ্গে বৈঠকে তিনি যেকোনো মাত্রার হুমকির দ্রুত, কার্যকর এবং ভৌগোলিক সীমাবদ্ধতা ছাড়াই জবাব দেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকা হালনাগাদ করার নির্দেশ দিয়েছেন তিনি। ওই তালিকায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-সংশ্লিষ্ট দৃশ্যমান ও অদৃশ্য সম্পদ অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, বাবা আয়াতুল্লাহ আলী খামেনি মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত হওয়ার পর গত মার্চে ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব নেন মোজতবা খামেনি। দায়িত্ব গ্রহণের পর থেকে তাকে জনসমক্ষে দেখা যায়নি। সামরিক কমান্ডারদের সঙ্গে সাম্প্রতিক বৈঠকটি দায়িত্ব নেওয়ার পর তার প্রথম বৈঠক বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত