প্রিন্ট এর তারিখ : ০১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬
শরিফুল রাজের কাছে শুটিং শিডিউল চেয়ে আইনি নোটিশ
সংবাদ দিগন্ত ||
চুক্তিভঙ্গের অভিযোগে অভিনেতা শরিফুল রাজকে আইনি নোটিশ পাঠিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশন। প্রতিষ্ঠানটির আগামী ঈদুল আজহার সিনেমা ‘ঠিকানা’র শুটিংয়ের সময়সূচি না দেওয়া এবং একই ঈদে অন্য সিনেমায় অভিনয়ের ঘোষণা দেওয়ায় এ নোটিশ পাঠানো হয়েছে। গত ২৮ অক্টোবর প্রতিষ্ঠানটির পক্ষে ব্যারিস্টার সজিব মাহমুদ আলম নোটিশটি পাঠান। এতে ৪৮ ঘণ্টার মধ্যে শুটিংয়ের সময়সূচি নিশ্চিত না করলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়, ‘ঠিকানা’ সিনেমায় অভিনয় ও প্রচার-প্রচারণাসহ বিভিন্ন শর্তে শরিফুল রাজের সঙ্গে রিয়েল এনার্জি প্রোডাকশনের একটি আর্টিস্ট সার্ভিস চুক্তি হয়েছিল। চুক্তির অংশ হিসেবে তিনি অগ্রিম পারিশ্রমিকও নিয়েছেন। চুক্তির ৯ নম্বর ধারায় বলা হয়েছে, সিনেমাটি ২০২৭ সালের ঈদুল আজহা বা তার পরে মুক্তি পাবে। আর ৪.১১ ধারায় উল্লেখ রয়েছে, ‘ঠিকানা’ মুক্তির সময় শরিফুল রাজের অভিনীত অন্য কোনো সিনেমা প্রধান বা উল্লেখযোগ্য চরিত্রে মুক্তি পেতে পারবে না।আরও পড়ুন,ইব্রাহিম-পলকের বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন না কেউ কিন্তু গত ৩১ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শরিফুল রাজ জানান, তিনি ‘কানাভুলা প্যারাডক্স’ নামের একটি সিনেমায় অভিনয় করেছেন, যেটিও আগামী ঈদুল আজহায় মুক্তির কথা রয়েছে। নোটিশে দাবি করা হয়েছে, এ ঘোষণার পর ‘ঠিকানা’ সিনেমার স্পনসর ও অংশীজনেরা সরে যেতে চাইছেন। এ ঘটনায় গত ২ সেপ্টেম্বর প্রথম দফায় আইনি নোটিশ পাঠিয়ে চারটি দাবি জানানো হয়েছিল। সেগুলোর মধ্যে ছিল প্রতিদ্বন্দ্বী সিনেমার প্রচার বন্ধ করা, ফেসবুক পোস্ট সরানো, ২৪ ঘণ্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং চুক্তির শর্ত মেনে চলার লিখিত নিশ্চয়তা দেওয়া। নোটিশে আরও বলা হয়েছে, প্রথম নোটিশের পর শরিফুল রাজ ও তাঁর ম্যানেজার সরাসরি যোগাযোগ করে বিষয়টি সমঝোতার মাধ্যমে সমাধানের আশ্বাস দিলেও এখন পর্যন্ত শুটিংয়ের সময়সূচি দেননি। এবার ১ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ পর্যন্ত শুটিংয়ের সময় চেয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানটি। তাদের দাবি, ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি দিতে হলে পোস্ট-প্রোডাকশনের জন্য অন্তত দুই মাস সময় প্রয়োজন। এ বিষয়ে শরিফুল রাজের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত