প্রিন্ট এর তারিখ : ০৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬
দুই বছরে দুই হাজার গাছ লাগিয়ে থামেননি শান্ত
সংবাদ দিগন্ত ||
সংসারের খরচ মিটিয়ে নিজের আয়ের টাকা দিয়ে গাছের চারা কেনেন তিনি। যাত্রী নিয়ে অটো চালানোর ফাঁকে রাস্তার পাশে কিংবা পরিত্যক্ত জায়গায় লাগিয়ে দেন একটি করে চারা। তাঁর স্বপ্ন যশোরের আটটি উপজেলায় এক লাখ ফলদ ও বনজ বৃক্ষ রোপণ করা। বলছি যশোরের কেশবপুরের ২৬ বছর বয়সী অটোচালক নাজমুল হাসান শান্তর কথা। পেশায় অটোচালক হলেও পরিবেশ রক্ষায় তাঁর ব্যতিক্রমী উদ্যোগ ইতোমধ্যে নজর কেড়েছে স্থানীয় মানুষের। প্রতিদিন সকালে অটো নিয়ে বের হন জীবিকার সন্ধানে। যাত্রী পরিবহন করে যে আয় হয়, তা দিয়েই চলে সংসার। তবে সেই আয়ের একটি অংশ তিনি আলাদা রাখেন গাছের চারা কেনার জন্য। অটোর পেছনে সব সময় থাকে গাছের চারা, কোদাল ও প্রয়োজনীয় সরঞ্জাম। যাত্রাবিরতির সময় রাস্তার পাশে কিংবা খালি জায়গা দেখলেই নেমে পড়েন গাছ লাগাতে। শুধু চারা রোপণ করেই দায়িত্ব শেষ করেন না, পরে সেই গাছগুলোর খোঁজও রাখেন। কোনো চারা শুকিয়ে গেলে সেখানে নতুন চারা লাগানোর চেষ্টা করেন। আরও পড়ুন,সাতক্ষীরায় ঝুঁকিপূর্ণ ২৫০ প্রাথমিক বিদ্যালয়, আতঙ্কে ৩৬ হাজার শিক্ষার্থী২০২৪ সালে ব্যক্তিগত উদ্যোগে বৃক্ষরোপণ শুরু করেন শান্ত। কোনো সরকারি প্রকল্প কিংবা বেসরকারি প্রতিষ্ঠানের সহায়তা ছাড়াই নিজের উপার্জনের অর্থে গত দুই বছরে যশোরের বিভিন্ন এলাকায় প্রায় দুই হাজার গাছের চারা রোপণ করেছেন তিনি। শান্তর ভাষ্য, ছোটবেলা থেকেই গাছের প্রতি তাঁর ভালোবাসা। চারদিকে গাছ কাটা, তীব্র গরম ও সবুজের পরিমাণ কমে যাওয়ার বিষয়টি তাঁকে ভাবিয়ে তোলে। তাই নিজের সামর্থ্য অনুযায়ী পরিবেশ রক্ষায় কাজ শুরু করেছেন। তাঁর লক্ষ্য পর্যায়ক্রমে যশোরের আটটি উপজেলায় এক লাখ ফলদ ও বনজ বৃক্ষ রোপণ করা। তাঁর এই উদ্যোগে মুগ্ধ স্থানীয় পথচারীরাও। পরিবেশ রক্ষায় একজন অটোচালকের এমন ব্যক্তিগত উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন তাঁরা। কেশবপুর উপজেলা বন বিভাগের কর্মকর্তা সমীরন বিশ্বাসও শান্তর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, ব্যক্তিগতভাবে কেউ সবুজায়নের লক্ষ্যে গাছ লাগালে তাঁকে উৎসাহিত করা উচিত। নিজের সীমিত সামর্থ্যকে কাজে লাগিয়ে সবুজ ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখছেন নাজমুল হাসান শান্ত। তাঁর বিশ্বাস, আজকের একটি চারা একদিন ছায়া দেবে আগামী প্রজন্মকে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত