প্রিন্ট এর তারিখ : ০১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬
টিকিট কেটেও ভোগান্তি কনসার্ট দর্শকদের
সংবাদ দিগন্ত ||
একটির পর একটি কনসার্ট বাতিল হচ্ছে। কখনো নিরাপত্তার অভাব, কখনো ভেন্যু সংকট, আবার কখনো বিশৃঙ্খলার আশঙ্কায় থেমে যাচ্ছে সংগীত আয়োজন। এতে অনিশ্চয়তায় পড়ছেন আয়োজক, শিল্পী ও সংগীতপ্রেমীরা। রাজধানীতে বড় কনসার্ট আয়োজনের উপযুক্ত জায়গার সংকটও দিন দিন প্রকট হচ্ছে। গত ২৩ অক্টোবর যমুনা ফিউচার পার্কে ‘রক এন রিদম ৫.০’ কনসার্টে ঘটে বিশৃঙ্খলা। জনপ্রিয় সংগীতশিল্পী জেমস মঞ্চে ওঠার আগেই নিরাপত্তাবেষ্টনী ভেঙে টিকিট ছাড়াই শতাধিক মানুষ অনুষ্ঠানস্থলে ঢুকে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে প্রধান ফটক খুলে দিতে বাধ্য হন আয়োজকেরা। এতে টিকিট কেটে আসা দর্শকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। এর প্রভাব পড়ে পরবর্তী কনসার্ট আয়োজনেও। ১৪ নভেম্বর ‘নভেম্বর রেইন’ নামে একটি উন্মুক্ত কনসার্ট আয়োজনের প্রস্তুতি নিয়েও শেষ পর্যন্ত অনুষ্ঠানটি স্থগিত করতে বাধ্য হয় আয়োজক প্রতিষ্ঠান ব্র্যান্ডমিথ কমিউনিকেশনস। আয়োজকদের দাবি, ভেন্যুর সঙ্গে চুক্তি ও পুলিশের প্রয়োজনীয় অনাপত্তিপত্র নেওয়ার পরও নিরাপত্তার কারণ দেখিয়ে ভেন্যু কর্তৃপক্ষ আয়োজনের অনুমতি দেয়নি। আরও পড়ুন,অভিনয়ের কিংবদন্তি আসাদুজ্জামান নূরের ৮০তম জন্মদিনএর আগে এ বছরের এপ্রিলে ধানমন্ডির রবীন্দ্রসরোবরে ব্যান্ড অ্যাশেজের কনসার্ট এবং সেপ্টেম্বরে নিরাপত্তার ছাড়পত্র না পাওয়ায় ‘মাহএক্স রিপাবলিক’ ও কাবিশের ‘ওয়েভ ফেস্ট’ স্থগিত হয়। আয়োজকদের মতে, কনসার্টের জন্য উপযুক্ত ভেন্যু, পর্যাপ্ত নিরাপত্তাকর্মী ও পুলিশের সহযোগিতা প্রয়োজন। অন্যদিকে ঢাকা মহানগর পুলিশ বলছে, নিরাপত্তা মূল্যায়নের পরই কনসার্টের অনুমতি দেওয়া হয়। আয়োজকদের নিজস্ব নিরাপত্তাব্যবস্থা ও প্রয়োজনীয় শর্ত পূরণ করতে হবে। শর্ত লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে পরবর্তী সময়ে অনুমতি না দেওয়ার ব্যবস্থাও রয়েছে। এদিকে বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশনের সভাপতি হামিন আহমেদ ঢাকার উত্তর ও দক্ষিণে দুটি স্থায়ী কনসার্ট ভেন্যু তৈরির দাবি জানিয়েছেন। পাশাপাশি কনসার্ট আয়োজক প্রতিষ্ঠানগুলোর নিবন্ধন বাধ্যতামূলক করার প্রস্তাব দিয়েছেন তিনি। সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম জানিয়েছেন, পূর্বাচলে একটি বড় সাংস্কৃতিক কেন্দ্র বা কালচারাল হাব গড়ে তোলার বিষয়ে আলোচনা চলছে। সেখানে কনসার্ট আয়োজনের জন্য নির্দিষ্ট ভেন্যু রাখার পরিকল্পনাও রয়েছে। সব মিলিয়ে নিরাপত্তা ও উপযুক্ত ভেন্যুর অভাবে রাজধানীতে কনসার্ট আয়োজনের সংকট বাড়ছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, সমন্বিত উদ্যোগের মাধ্যমে এ সমস্যার সমাধান হবে এবং আবারও প্রাণ ফিরে পাবে দেশের সংগীতাঙ্গন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত