প্রিন্ট এর তারিখ : ০১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬
রাষ্ট্র সংস্কারে গণভোটের রায় বাস্তবায়নের দাবি
সংবাদ দিগন্ত ||
শাসকের পরিবর্তন হলেও রাষ্ট্রের ক্ষমতা-কাঠামোর মৌলিক পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের জেএসডির নেতারা। তাঁদের মতে, ক্ষমতার হাতবদল হলেও ক্ষমতার গণতান্ত্রিক পুনর্বিন্যাস হয়নি। এ পরিস্থিতি থেকে উত্তরণে পুরোনো ক্ষমতা-কাঠামো ভেঙে অংশীদারত্বের গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে দলটি। শনিবার জেএসডির ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন নেতারা। ‘পুরোনো ক্ষমতা-কাঠামো বদলাও অংশীদারত্বের গণতন্ত্রের মাধ্যমে রাষ্ট্র রূপান্তর করো’ শীর্ষক এ সভায় সভাপতিত্ব করেন দলটির জ্যেষ্ঠ সহসভাপতি তানিয়া রব। আলোচনা সভায় সাংবাদিক সোহরাব হাসান বলেন, শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে জেএসডির যাত্রা শুরু হলেও বর্তমানে রাষ্ট্র সংস্কারের কর্মসূচি সামনে আনা হচ্ছে। তবে জনগণকে ক্ষমতায়িত করার লড়াই অব্যাহত রাখতে হবে। সাবেক সংবিধান সংস্কার কমিশনের সদস্য ও আইনজীবী শরীফ ভূঁইয়া বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, জাতীয় সনদ ও গণভোটের রায় কার্যকর করা হচ্ছে না। আরও পড়ুন,বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে না বিএনপি: প্রতিমন্ত্রীতাঁর অভিযোগ, নির্বাচিত বিএনপি সরকার জনগণের প্রত্যাশা কিংবা নিজেদের প্রতিশ্রুতি অনুযায়ী এগোচ্ছে না। সংবিধানের গভীর সংস্কারে গণভোটের রায় বাস্তবায়নের ঐতিহাসিক সুযোগও হাতছাড়া হয়েছে। তিনি আরও বলেন, রাষ্ট্রের ক্ষমতা ব্যক্তিকেন্দ্রিক না রেখে বিকেন্দ্রীভূত করতে হবে। একই সঙ্গে রাষ্ট্রের তিন বিভাগের মধ্যে ক্ষমতার পৃথক্করণ নিশ্চিত করতে হবে। অন্যথায় রাষ্ট্র আবারও আগের অবস্থায় ফিরে যাওয়ার আশঙ্কা রয়েছে। রাজনৈতিক বিশ্লেষক হেলালুজ্জামান আহমদ বলেন, সংসদের উচ্চকক্ষে বিকশিত সামাজিক শক্তির প্রতিনিধিত্ব নিশ্চিত করা গেলে আইন প্রণয়নে বৃহত্তর জনগোষ্ঠীর অংশগ্রহণ বাড়বে এবং রাষ্ট্রের ক্ষমতা-কাঠামোয় ভারসাম্য তৈরি হবে। জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ বলেন, সরকার ও শাসকের পরিবর্তন ঘটলেও রাষ্ট্রের নীতিনির্ধারণ, সম্পদ বণ্টন ও সিদ্ধান্ত গ্রহণে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত হয়নি। সভাপতির বক্তব্যে তানিয়া রব জুলাই জাতীয় সনদের অঙ্গীকার ও গণভোটে জনগণের দেওয়া রায় কার্যকর করার দাবি জানান। একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং প্রয়োজনীয় সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার সম্পন্ন করার আহ্বান জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত