প্রিন্ট এর তারিখ : ৩১ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬
তুরস্কের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ
||
তুরস্কের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ২০০ কোটি ডলারে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। বাজারে প্রবেশাধিকার বৃদ্ধি, পণ্যের বহুমুখীকরণ এবং ব্যবসায়িক অংশীদারিত্ব জোরদারের মাধ্যমে এ লক্ষ্য অর্জন করতে চায় বাংলাদেশ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় ঢাকায় তুরস্কের ১০৩তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। মন্ত্রী বলেন, বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ক ঐতিহাসিক সংহতি এবং ক্রমবর্ধমান সহযোগিতার ভিত্তিতে গড়ে উঠেছে। বর্তমানে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ প্রায় ১৩০ কোটি ডলার। তবে এ বাণিজ্য আরও বাড়ানোর ব্যাপক সুযোগ রয়েছে। তিনি বলেন, বাজারে প্রবেশাধিকার বৃদ্ধি, পণ্যের বহুমুখীকরণ এবং ব্যবসায়িক পর্যায়ে অংশীদারিত্ব জোরদারের মাধ্যমে দ্বিপক্ষীয় বাণিজ্য ২০০ কোটি ডলার ছাড়িয়ে নেওয়ার প্রস্তুতি রয়েছে বাংলাদেশের। আসাদুজ্জামান আরও বলেন, আরও পড়ুন,এক লাখ এতিম ও দুস্থ শিশুর পাশে দাঁড়াচ্ছে সরকারদুই দেশের সহযোগিতা এখন বাণিজ্য ও বিনিয়োগের পাশাপাশি প্রতিরক্ষা, শিক্ষা, সাংস্কৃতিক বিনিময়, রাজনৈতিক সংলাপ এবং মানবিক সহায়তাসহ বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত হয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বৈঠকের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, এটি দুই দেশের সম্পর্ক আরও গভীর করার অভিন্ন অঙ্গীকারের প্রতিফলন। এ সময় রোহিঙ্গা সংকটে তুরস্কের মানবিক সহায়তা ও বাংলাদেশের প্রতি সংহতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন আইনমন্ত্রী। পাশাপাশি বাংলাদেশে আইনের শাসন, ন্যায়বিচার ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় তুরস্কের সহযোগিতা কামনা করেন তিনি। অনুষ্ঠানে তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন বলেন, বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগের নতুন সুযোগ অনুসন্ধানে তুরস্কের ব্যবসায়ীদের উৎসাহিত করা হচ্ছে। ঢাকা-ইস্তাম্বুল সরাসরি বিমান যোগাযোগও দুই দেশের সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। রাষ্ট্রদূত আরও জানান, আগামী ২১ জানুয়ারি ২০২৭ ঢাকায় দুই দেশের যৌথ অর্থনৈতিক কমিশনের পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে। এতে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা করা হবে। এ ছাড়া আগামী ১১ ও ১২ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠেয় কপ-৩১ সম্মেলনের বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রদূত।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত