প্রিন্ট এর তারিখ : ৩১ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬
বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় সতর্ক থাকার পরামর্শ
সংবাদ দিগন্ত ||
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ‘অর্ণব’ ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করে সরে গেলেও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এরই মধ্যে ঢাকাসহ দেশের ১৪ জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার ৩০ অক্টোবর দুপুর ২টা থেকে দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানান, শুক্রবার রাত ১টার মধ্যে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল ও পটুয়াখালী অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিরও আশঙ্কা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে আগামী কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, ভারতের ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় একটি সুস্পষ্ট লঘুচাপ অবস্থান করছে। পাশাপাশি দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় আরেকটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। আরও পড়ুন,তুরাগে তাহসিফের মৃত্যুর ঘটনায় পুলিশের ধাওয়ার দাবিএটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হতে পারে। পূর্বাভাস অনুযায়ী, শনিবার রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। রোববারও দেশের আট বিভাগের কিছু এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার খুলনা, বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় এবং মঙ্গলবার বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। তবে বুধবার দেশের আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার পূর্বাভাস দিয়েছে অধিদপ্তর। তাপমাত্রার বিষয়ে পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। রোববার দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। সোমবার তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও মঙ্গলবার রাতে সামান্য কমতে পারে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে দেশের সর্বোচ্চ ৪৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ ছাড়া ঈশ্বরদীতে ২৬, কুতুবদিয়া ও বাঘাবাড়ীতে ১৩, বান্দরবানে ১২, তাড়াশে ১১, টাঙ্গাইলে ১০ এবং শ্রীমঙ্গলে ৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সব মিলিয়ে আগামী কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা থাকায় নদীবন্দর ও সংশ্লিষ্ট এলাকার মানুষকে আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাস অনুসরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত