প্রিন্ট এর তারিখ : ৩১ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬
নির্বাচনকে হেয়প্রতিপন্নের চেষ্টা করছে জামায়াত: রিজভী
সংবাদ দিগন্ত ||
সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ ছাড়াই অনিয়মের অভিযোগ তুলে জামায়াতে ইসলামী একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ডেমরার নবী টাওয়ারে বিএনপির প্রয়াত নেতা ও সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ এবং সাবেক কাউন্সিলর বাদল সরদারের স্মরণে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা-৫ আসনের বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে রিজভী বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ও কারও নাম উল্লেখ না করেই শেষ মুহূর্তে মনগড়া অনিয়মের অভিযোগ তোলা হচ্ছে। নির্বাচনকে মানুষের কাছে হেয়প্রতিপন্ন করাই এর উদ্দেশ্য। তবে জনগণ সচেতন। অপপ্রচার চালিয়ে জামায়াত সফল হতে পারবে না বলে মন্তব্য করেন তিনি। উল্লেখ্য, ঠাকুরগাঁও-১ আসনে বৃহস্পতিবার উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানিয়েছেন, আরও পড়ুন,সরকারি ফ্ল্যাট সাবলেট বন্ধে কঠোর নির্দেশনাশান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শেষ হয়েছে এবং নির্বাচন নিয়ে কমিশন সন্তুষ্ট। এদিকে প্রয়াত সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের রাজনৈতিক জীবনের স্মৃতিচারণা করতে গিয়ে রিজভী বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে তিনি ছিলেন আপসহীন ও আদর্শবান নেতা। তাঁর অভিযোগ, ফ্যাসিস্ট সরকারের আমলে শত শত ভুয়া মামলা, রিমান্ডে শারীরিক ও মানসিক নির্যাতন এবং কারাবাসের কারণে সালাহউদ্দিন আহমেদের স্বাস্থ্যের অবনতি ঘটে। চিকিৎসাবঞ্চিত করে তাঁকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। রিজভী আরও বলেন, শুধু সালাহউদ্দিন আহমেদ নন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলের বহু নেতা-কর্মীকে পরিকল্পিতভাবে নিপীড়ন করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা-৫ সংসদীয় আসনের প্রধান সমন্বয়কারী নবীউল্লাহ নবী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরিন সুলতানা এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন। আলোচনা শেষে প্রয়াত দুই নেতা সালাহউদ্দিন আহমেদ ও বাদল সরদারের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত