প্রিন্ট এর তারিখ : ৩০ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬
নির্বাচনে অচলাবস্থা, আরব দল নিয়ে নেতানিয়াহুর অভিযোগ
সংবাদ দিগন্ত ||
ইসরায়েলের জাতীয় নির্বাচনে সরকার গঠন নিয়ে অনিশ্চয়তার মধ্যে দেশটির আরব নাগরিকদের প্রতিনিধিত্বকারী দলগুলোর বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য জোরদার করেছেন প্রধানমন্ত্রী ও লিকুদ পার্টির নেতা বেনিয়ামিন নেতানিয়াহু। বিশ্লেষকদের ধারণা, ক্ষমতা হারানোর আশঙ্কা থেকেই তিনি আরব দলগুলোর সাফল্যকে প্রশ্নবিদ্ধ করার পাশাপাশি বিরোধী জোটকে তাদের সমর্থন নেওয়া থেকে বিরত রাখার কৌশল নিয়েছেন। গত মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে ইসরায়েলের আরব নাগরিকদের ব্যাপক অংশগ্রহণের কারণে কোনো পক্ষই সহজে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ৯৯ শতাংশ ভোট গণনা শেষে নেতানিয়াহুর জাতীয়তাবাদী-ধর্মীয় জোট ৫৩টি আসন এবং প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকটের নেতৃত্বাধীন জোট ৪৮টি আসন পেয়েছে। ১২০ আসনের পার্লামেন্টে সরকার গঠনে প্রয়োজন ৬১টি আসন। অন্যদিকে, আরব সংখ্যালঘু জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী দলগুলো এবার রেকর্ড ১৯টি আসন পেতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। দেশটির মোট জনসংখ্যার প্রায় ২১ শতাংশ আরব জনগোষ্ঠী। ফলে আরব দলগুলোর সমর্থন সরকার গঠনের সমীকরণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আরও পড়ুন,ইরানের বন্দর অবরোধ করেছে যুক্তরাষ্ট্রনেতানিয়াহু অভিযোগ করেছেন, আরব দলগুলোর নজিরবিহীন সাফল্যের পেছনে ভোট জালিয়াতির ভূমিকা রয়েছে। তবে এ অভিযোগের পক্ষে তিনি কোনো প্রমাণ প্রকাশ করেননি। আরব নেতারা অভিযোগ অস্বীকার করে উল্টো নেতানিয়াহুর বিরুদ্ধে বিদ্বেষ ও উসকানিমূলক প্রচারণার অভিযোগ তুলেছেন। রাইখম্যান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আইতান গিলবোয়ার মতে, আরব ও ইহুদি নাগরিকদের রাজনৈতিক সমঝোতাকে অগ্রহণযোগ্য করে তোলাই নেতানিয়াহুর কৌশল হতে পারে। আরব দল জয়েন্ট লিস্টের নেতা আহমাদ তিবি বলেছেন, বিরোধী নেতা আইজেনকটকে আরব দলগুলোর সমর্থন নেওয়া থেকে বিরত রাখতেই এ প্রচারণা চালানো হচ্ছে। এদিকে, ভোট জালিয়াতির অভিযোগ তদন্ত করছে ইসরায়েলি কর্তৃপক্ষ। দেশটির পুলিশ জানিয়েছে, নির্বাচনের পর দক্ষিণাঞ্চলে এ-সংক্রান্ত সন্দেহে অন্তত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে অভিযোগগুলোর সত্যতা এখনো প্রতিষ্ঠিত হয়নি। আরব দল রাআমের প্রধান মনসুর আব্বাসও জালিয়াতির অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তাঁর ভাষ্য, আরব নাগরিকদের বিরুদ্ধে নেতানিয়াহুর প্রচারণার কোনো ভিত্তি নেই।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত