প্রিন্ট এর তারিখ : ২৯ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬
তাহসিফ সাউরির মৃত্যু: নিরপেক্ষ তদন্ত ও জবাবদিহি চান গোলাম পরওয়ার
সংবাদ দিগন্ত ||
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মরদেহ উদ্ধারের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। একই সঙ্গে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে নিরপেক্ষ তদন্ত এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে গোলাম পরওয়ার নিহত তাহসিফ সাউরির রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। বিবৃতিতে তিনি বলেন, একজন সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ নদী থেকে উদ্ধারের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকা নিয়ে জনমনে গুরুতর প্রশ্ন তৈরি হয়েছে। তাঁর দাবি, এ ঘটনার দায় সংশ্লিষ্ট সংস্থাগুলো এড়িয়ে যেতে পারে না। আরও পড়ুন,তিন বিচারক কর্মকর্তাকে প্রত্যাহারের নির্দেশনা চেয়ে রিটগোলাম পরওয়ার আরও অভিযোগ করেন, একজন সাবেক সামরিক কর্মকর্তার নিরাপত্তা নিশ্চিত করতে না পারা সংশ্লিষ্ট সংস্থাগুলোর সক্ষমতা ও দায়িত্বপালন নিয়ে প্রশ্ন তৈরি করে। একই সঙ্গে বিরোধী দলের নেতাদের বিষয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ তুলে তিনি গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকার সমালোচনা করেন। তিনি বলেন, নাগরিকের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। তাহসিফ সাউরির কীভাবে মৃত্যু হয়েছে, কোন পরিস্থিতিতে তাঁর মৃত্যু ঘটেছে এবং এর সঙ্গে কেউ জড়িত কি না তা দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে উদ্ঘাটন করতে হবে। বিবৃতিতে অপরাধে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি তদন্তে কোনো কর্মকর্তা বা সংস্থার দায়িত্বে অবহেলা কিংবা অপরাধে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। গোলাম পরওয়ারের ভাষ্য, রাষ্ট্রীয় দায়িত্ব পালনে অবহেলার জন্য কেউ দায়মুক্তি পেতে পারেন না। তাহসিফ সাউরির পরিবার যাতে ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করতে রাষ্ট্রের প্রতি আহ্বান জানান তিনি। তবে তাহসিফ সাউরির মৃত্যুর প্রকৃত কারণ ও এ ঘটনায় কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত