প্রিন্ট এর তারিখ : ২৯ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬
ভোটে স্বচ্ছতা ও সমান সুযোগ নিশ্চিত করতে চায় ইসি
সংবাদ দিগন্ত ||
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে জাতীয় নির্বাচনের মতোই গুরুত্ব দিয়ে প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, স্বচ্ছতা নিশ্চিত করতে নির্বাচন কমিশন কোনো ধরনের প্রস্তুতিতে ঘাটতি রাখেনি। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ডিজিটাল মনিটরিংয়ের মাধ্যমে ঠাকুরগাঁও-১ আসনের ভোটকেন্দ্রগুলোর পরিস্থিতি পর্যবেক্ষণ করেন সিইসিসহ চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব। পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সিইসি। তিনি বলেন, “আমরা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে ছোট করে দেখছি না। জাতীয় নির্বাচন যেভাবে গুরুত্ব দিয়ে সম্পাদন করেছি, একইভাবে স্বচ্ছতার সঙ্গে এই নির্বাচনের যাবতীয় প্রস্তুতি আমরা নিয়েছি। এই নির্বাচনে কোনো অংশেই কম প্রস্তুতি নিয়ে আমরা মাঠে নামিনি।” নাসির উদ্দিন বলেন, নির্বাচন কমিশন স্বচ্ছতায় বিশ্বাস করে এবং নির্বাচনের সব কার্যক্রম সবার কাছে দৃশ্যমান রাখতে চায়। সকাল থেকেই ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে আসছেন। বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহলও ডিজিটাল পদ্ধতিতে পর্যবেক্ষণ করা হচ্ছে। সে সময় পর্যন্ত কোনো নেতিবাচক খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে ১১-দলীয় জোটের পক্ষ থেকে আগাম উত্থাপিত অভিযোগগুলো আমলে নেওয়া হয়েছে বলে জানান সিইসি। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্টদের তৎপরতা বাড়ানো হয়েছে।আরও পড়ুন,ভোটযুদ্ধকে ভোট উৎসবে পরিণত করতে চায় ইসি স্থানীয় রিটার্নিং কর্মকর্তারাও অভিযোগকারীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।তিনি আরও বলেন, শুধু ঠাকুরগাঁও নয়, দেশের প্রতিটি নির্বাচনে সব প্রার্থীর জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা নির্বাচন কমিশনের দায়িত্ব। এ লক্ষ্যে প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। সিইসি জানান, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে পুলিশ, স্থানীয় প্রশাসন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)সহ সংশ্লিষ্ট বাহিনী ও সংস্থাগুলোকে নির্বাচনী দায়িত্বে মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ঢাকায় নির্বাচন কমিশন থেকে পুরো নির্বাচনী কার্যক্রম কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ১১-দলীয় জোটের অভিযোগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাসির উদ্দিন বলেন, জোটটির উত্থাপিত অভিযোগগুলো সমাধান করা হয়েছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনসহ বিভিন্ন অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তাৎক্ষণিক নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে। উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলার কথা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত