প্রিন্ট এর তারিখ : ২৯ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬
হামলা হলে মার্কিন সংশ্লিষ্ট স্থাপনায় পাল্টা আঘাতের হুঁশিয়ারি ইরানের
সংবাদ দিগন্ত ||
ইরানের ওপর নতুন করে সামরিক হামলা ঠেকানো এবং শান্তি আলোচনা পুনরুজ্জীবিত করার লক্ষ্যে দেশটির নিরাপত্তা প্রধান মোহসেন রেজাইয়ের সঙ্গে যোগাযোগ করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এ বিষয়ে সংশ্লিষ্ট সূত্রের বরাতে প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদন অনুযায়ী, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পর্ষদের প্রধান মোহসেন রেজাইয়ের কাছে একটি চিঠি পাঠিয়েছেন ভ্যান্স। সম্ভাব্য শান্তি আলোচনার কাঠামো নির্ধারণে চিঠিটিতে গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর প্রতিবেদনে আরও বলা হয়েছে, আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের বিরুদ্ধে স্বল্পমেয়াদি ও তীব্র সামরিক অভিযান চালানোর সম্ভাবনা বিবেচনা করছে ওয়াশিংটন। আরও পড়ুন,৩২ বছরের সামরিক অভিজ্ঞতা, তবু দায়িত্ব হারালেন পেন্টাগনের শীর্ষ কর্মকর্তাএ পরিস্থিতিতে উপসাগরীয় অঞ্চলের কয়েকটি আরব দেশকে প্রস্তুত থাকার বার্তাও দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে সামরিক অভিযান নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এদিকে, নতুন করে হামলা হলে ইরানও ব্যাপক পরিসরে পাল্টা আঘাত হানবে বলে সতর্ক করেছে দেশটির সামরিক বাহিনী। ইরানের নিরাপত্তা প্রধান মোহসেন রেজাইয়ের বক্তব্য অনুযায়ী, সম্ভাব্য পাল্টা হামলার লক্ষ্যবস্তু হতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন অবকাঠামো। বিশেষ করে ডেটা সেন্টার ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলো সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় থাকতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক যোগাযোগের উদ্যোগ এবং একই সঙ্গে সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতির খবর উপসাগরীয় অঞ্চলে নতুন করে উত্তেজনার আশঙ্কা তৈরি করেছে। তবে চিঠির বিষয়ে দুই দেশের আনুষ্ঠানিক বক্তব্য এবং সামরিক পদক্ষেপের চূড়ান্ত সিদ্ধান্ত সম্পর্কে প্রতিবেদনে বিস্তারিত জানানো হয়নি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত