প্রিন্ট এর তারিখ : ২৯ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬
৩২ বছরের সামরিক অভিজ্ঞতা, তবু দায়িত্ব হারালেন পেন্টাগনের শীর্ষ কর্মকর্তা
সংবাদ দিগন্ত ||
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দেশটির সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ পরিকল্পনাবিদ লেফটেন্যান্ট জেনারেল ব্রেট সিলভিয়াকে বরখাস্ত করেছেন। ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানোর বিষয়টি নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে আলোচনা চলার মধ্যেই এ সিদ্ধান্তের খবর সামনে এসেছে। বরখাস্ত হওয়ার আগে ব্রেট সিলভিয়া যুক্তরাষ্ট্রের জয়েন্ট স্টাফের কৌশল, পরিকল্পনা ও নীতিবিষয়ক বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সামরিক কৌশল নির্ধারণ এবং ভবিষ্যৎ অভিযান পরিকল্পনায় এই পদটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর আগে একই পদে দায়িত্ব পালন করা লেফটেন্যান্ট জেনারেল জোসেফ ম্যাকগিকেও হেগসেথের উদ্যোগে অবসরে যেতে হয়েছিল। তবে সিলভিয়াকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো কারণ জানানো হয়নি।আরও পড়ুন,স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় প্রাণ গেল ৩৯ জনের সিলভিয়ার ৩২ বছরের সামরিক জীবনের প্রতি শ্রদ্ধা জানিয়েছে জয়েন্ট স্টাফ। সংস্থাটির এক মুখপাত্র আল জাজিরাকে বলেন, চেয়ারম্যান, জয়েন্ট স্টাফ এবং যৌথ সামরিক বাহিনীর পক্ষ থেকে লেফটেন্যান্ট জেনারেল ব্রেট সিলভিয়া ও তাঁর পরিবারের প্রতি দেশের সেবায় ৩২ বছরের অবদানের জন্য গভীর কৃতজ্ঞতা জানানো হয়েছে। তাঁর ভবিষ্যৎ জীবনের নতুন অধ্যায়ের জন্যও শুভকামনা জানানো হয়েছে। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নতুন সামরিক পদক্ষেপ নিয়ে আলোচনা চলার সময় সিলভিয়াকে সরিয়ে দেওয়ার ঘটনা সামনে এলেও, এ সিদ্ধান্তের সঙ্গে ইরান পরিস্থিতির সরাসরি কোনো সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। সিলভিয়াকে বরখাস্তের কারণ এবং তাঁর স্থলাভিষিক্ত কে হবেন, সে বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা না আসায় বিষয়টি নিয়ে আরও তথ্যের অপেক্ষা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত