প্রিন্ট এর তারিখ : ২৮ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬
গাজীপুরে ১৬ বোতল বিদেশি মদসহ একজন গ্রেপ্তার
জোবায়ের হোসেন ইফতি ||
গাজীপুর মহানগরের ভূরুলিয়া এলাকায় অভিযান চালিয়ে ১৬ বোতল বিদেশি মদসহ কাশেম আলী (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), গাজীপুর। উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য ৩২ হাজার টাকা। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে গাজীপুর সদর থানাধীন ভূরুলিয়া এলাকার মার্কাজ রোডে ইদ্রিস আলীর বাড়ির সামনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাজীপুর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। দুপুর ১টার দিকে মো. ইদ্রিস আলীর বাড়ির পূর্ব পাশে মার্কাজ রোডে নীল রঙের একটি ট্রাভেল ব্যাগ হাতে নিয়ে দাঁড়িয়ে থাকা কাশেম আলীকে আটক করা হয়। পরে ব্যাগ তল্লাশি করে ৩৭৫ মিলিলিটার ধারণক্ষমতার কাচের বোতলে রাখা মোট ১৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মদের পরিমাণ ৬ হাজার মিলিলিটার, অর্থাৎ ৬ লিটার।আরও পড়ুন, শিবচরে সাব-রেজিস্ট্রার খন্দকার আহসানুল হকের বিদায়ী সংবর্ধনাগ্রেপ্তার কাশেম আলী গাজীপুর সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের ভূরুলিয়া এলাকার মৃত সতু শেখের ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গাজীপুর জেলা কার্যালয়ের উপপরিচালক এমদাদুল ইসলাম মিঠুন জানান, মাদকের বিস্তার রোধে অধিদপ্তরের অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে। মাদক সংরক্ষণ, পরিবহন ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) সদর থানায় মামলা করা হয়েছে। অধিদপ্তরের উপপরিদর্শক জুয়েল মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত