প্রিন্ট এর তারিখ : ২৮ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬
মিরপুর টেস্টে বাংলাদেশের বড় লক্ষ্য সিরিজ জয়
সংবাদ দিগন্ত ||
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। তবে একাদশে জায়গা হয়নি অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমের। আঙুলের চোটের কারণে তাকে ছাড়াই মাঠে নেমেছে টাইগাররা। বুধবার সকাল সাড়ে ৯টায় ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে টিকে থাকতে এই সিরিজ বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ। বর্তমানে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে থাকা বাংলাদেশকে ফাইনালের সম্ভাবনা জোরালো করতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো ফল করতে হবে। তাই ঘরের মাঠে সিরিজের শুরু থেকেই জয়ের লক্ষ্যে মাঠে নেমেছে দলটি। মুশফিকুর রহিমের অনুপস্থিতি বাংলাদেশের জন্য বড় ধাক্কা। আরও পড়ুন,দুর্দান্ত শুরুর পর দক্ষিণ আফ্রিকার ব্যাটিং ধসআগের দিন শেষ অনুশীলনে আঙুলে চোট পান এই অভিজ্ঞ ব্যাটার। শেষ পর্যন্ত তার শারীরিক অবস্থা বিবেচনায় ঝুঁকি নেয়নি টিম ম্যানেজমেন্ট। তার পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন তাওহীদ হৃদয়। এই টেস্টে বাংলাদেশ দুই পেসারের সঙ্গে তিনজন বিশেষজ্ঞ স্পিনার নিয়ে বোলিং আক্রমণ সাজিয়েছে। পেস বিভাগে রয়েছেন শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ। আর স্পিনে দায়িত্ব সামলাবেন মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও নাঈম হাসান। এর আগে ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ হয়েছিল। এবার নিজেদের মাঠে সিরিজ জিতে নেওয়াই শান্তদের লক্ষ্য। দুই ম্যাচের সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে আগামী ৫ নভেম্বর সিলেটে। প্রথম টেস্টে ভালো ফল করে সিরিজে এগিয়ে যাওয়ার পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড়ে নিজেদের অবস্থান আরও শক্ত করতে চায় বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত