প্রিন্ট এর তারিখ : ২৮ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬
জাপানের শীর্ষ বিনিয়োগকারীদের মুখোমুখি তারেক রহমান
সংবাদ দিগন্ত ||
জাপানের শীর্ষ ব্যবসাপ্রতিষ্ঠান ও বিনিয়োগসংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশটির গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠান, বাণিজ্য সংস্থা ও বড় বড় কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিক এসব বৈঠকে বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং দুই দেশের বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিষয়টি গুরুত্ব পাবে। জাপান সফরের অংশ হিসেবে আগামীকাল বুধবার ব্যস্ত কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ৯টায় জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের গভর্নর আমাকাওয়া কাজুহিকো প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রীর আবাসস্থলের দ্বিপক্ষীয় বৈঠককক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। এরপর সকাল সাড়ে ১০টায় টোকিওর আরিয়াকে এলাকায় ইউনিক্লো কোম্পানি লিমিটেডের সদর দপ্তরে প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ও পরিচালনা পর্ষদের সদস্যদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান। সকাল ১১টার দিকে সেখান থেকে প্রধানমন্ত্রীর আবাসস্থলে ফেরার কথা রয়েছে। আরও পড়ুন,ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৭১সকাল সাড়ে ১১টায় জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের প্রেসিডেন্ট সুসুমু কাতাওকা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পরে সংস্থাটির প্রেসিডেন্টের আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেবেন তিনি। দুপুর ১টায় জাপানের তিনটি বড় ব্যবসাপ্রতিষ্ঠান মিৎসুই অ্যান্ড কোম্পানি, সুমিতোমো করপোরেশন ও জেরা বা জেইআরএর প্রতিনিধিদের সঙ্গে পৃথক বৈঠক করবেন প্রধানমন্ত্রী। প্রতিটি বৈঠকের জন্য ১০ থেকে ১৫ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া দুপুর পৌনে ২টা থেকে বিকেল সোয়া ৩টা পর্যন্ত জাপানের ১৪টি বিশিষ্ট কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে দুটি গ্রুপ বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। প্রতিটি গ্রুপে সাতটি করে কোম্পানির প্রতিনিধি থাকবেন। এসব বৈঠকে অর্থমন্ত্রী, অর্থ উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, সংশ্লিষ্ট উপদেষ্টা এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের অংশ নেওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্টদের আশা, জাপানের শীর্ষ বিনিয়োগকারী ও ব্যবসায়িক গোষ্ঠীগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর এসব বৈঠকের মাধ্যমে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরা এবং দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের সুযোগ তৈরি হবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত