প্রিন্ট এর তারিখ : ২৭ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬
প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদলের আন্দোলন সংগ্রামের কথা স্মরণ
সংবাদ দিগন্ত ||
যুবদলের নেতাকর্মীরা ফেসবুকে নয়, রাজপথে বিশ্বাসী বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়ন। তিনি বলেছেন, দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে রাজপথে অগ্রণী ভূমিকা রেখেছে জাতীয়তাবাদী যুবদল। নানা নির্যাতন ও হামলার পরও সংগঠনটিকে দমিয়ে রাখা যায়নি। মঙ্গলবার ২৭ অক্টোবর জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। রবিউল ইসলাম নয়ন বলেন, জাতীয়তাবাদী যুবদল ৪৮ বছরে পদার্পণ করেছে। দীর্ঘ এই সময়ে দেশের বিভিন্ন সংকটে সংগঠনটির নেতাকর্মীরা রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে দাবি করেন তিনি। বিগত সময়ে যুবদলের নেতাকর্মীদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে নয়ন বলেন, গুলি করে হত্যা, বাসায় ঢুকে কুপিয়ে হত্যা এবং বোমা হামলায় পঙ্গু করে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। বছরের পর বছর ধরে বিভিন্নভাবে অত্যাচার চালিয়েও যুবদলকে দমিয়ে রাখা সম্ভব হয়নি বলে মন্তব্য করেন তিনি।আরও পড়ুন,জামায়াতের মুক্তিযুদ্ধকালীন ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফজুলাই-আগস্টের আন্দোলনে যুবদলের ভূমিকার কথাও তুলে ধরেন রবিউল ইসলাম নয়ন। তিনি বলেন, যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামসহ নেতারা ওই আন্দোলনে কী ভূমিকা রেখেছেন, তা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তবে সে সময় সংবাদমাধ্যমের ওপর নজরদারির কারণে সব তথ্য প্রকাশ করা সম্ভব হয়নি বলেও দাবি করেন তিনি।যুবদল কখনো থেমে থাকতে পারে না উল্লেখ করে নয়ন বলেন, দেশের প্রয়োজনে সংগঠনটির প্রত্যেক নেতাকর্মী জীবন দিতে প্রস্তুত। তার অভিযোগ, একটি মহল যুবদলকে হিংসা করে এবং ভয় পায়। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে সংগঠনটিকে নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। তিনি আরও বলেন, যুবদলের নেতাকর্মীরা কথার চেয়ে কাজে বেশি বিশ্বাসী। তারা ফেসবুকের পরিবর্তে রাজপথে সক্রিয় থাকতে চান। গুপ্ত হামলার রাজনীতিতে যুবদল বিশ্বাস করে না বলেও মন্তব্য করেন তিনি। বরং হত্যাকাণ্ড ও নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সংগঠনটির নেতাকর্মীরা বারবার রাজপথে দাঁড়ান বলে দাবি করেন রবিউল ইসলাম নয়ন। প্রতিষ্ঠাবার্ষিকীর এই অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি যুবদলের অতীতের আন্দোলন-সংগ্রাম এবং ভবিষ্যতেও রাজপথে সক্রিয় থাকার প্রত্যয়ের কথা তুলে ধরেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত