প্রিন্ট এর তারিখ : ২৭ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬
দাফনে বাধার ঘটনায় ন্যায়বিচারের বার্তা দিলেন নাহিদ ইসলাম
সংবাদ দিগন্ত ||
পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মরদেহ দাফনে বাধা দেওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এ সময় তিনি আওয়ামী লীগ সরকারের শাসনামলে জানাজা ও দাফনের অধিকার কেড়ে নেওয়ার অভিযোগ তুলে ধরে বলেন, জুলাই গণ-অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে এমন পরিস্থিতি আর দেখতে চান না। সোমবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন নাহিদ ইসলাম। বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী ৮৭ বছর বয়সে গত শনিবার মারা যান। একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সাবেক নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছিলেন তিনি। মানিক পশারীকে পিরোজপুরে গার্ড অব অনার দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয়। জামায়াতের স্থানীয় নেতা-কর্মীরা তাঁকে পিরোজপুরে দাফন না করার দাবি জানান এবং শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেন। পরে শনিবার রাতে পিরোজপুর সদর উপজেলার চিতলিয়া গ্রামে নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।আরও পড়ুন,আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্যের তীব্র নিন্দা এ সময় পরিবারের সদস্য ও আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন। ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম বলেন, জানাজা পড়া ও মরদেহ দাফন করা প্রত্যেক মানুষের ন্যূনতম মানবিক ও ধর্মীয় অধিকার। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এই অধিকার কেড়ে নেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। গণ-অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে এমন পরিস্থিতির পুনরাবৃত্তি দেখতে চান না বলেও জানান।তিনি আরও বলেন, অতীতে রাজনৈতিক বিরোধের কারণে বিভিন্ন ব্যক্তির জানাজা ও মরদেহ নিয়ে বিতর্কিত পরিস্থিতি তৈরি হয়েছে। তবে রাজনৈতিক প্রতিপক্ষের ক্ষেত্রেও মানবাধিকার ও ন্যায়বিচারের পক্ষে থাকা জরুরি। নাহিদ ইসলাম তাঁর পোস্টে মানবাধিকারকর্মীদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তাঁর অভিযোগ, অতীতে বিভিন্ন হত্যাকাণ্ডের ঘটনায় অনেকে নীরব ছিলেন। মানবাধিকারের প্রশ্নে অতীতের হত্যাকাণ্ডগুলোর বিচারও নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেন তিনি। পোস্টের শেষাংশে নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদের বিপরীতে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে। কোনো রাজনৈতিক মতাদর্শের বিরোধিতা করতে গিয়ে মানবিক অধিকার লঙ্ঘন করা উচিত নয়। পিরোজপুরে মানিক পশারীর মরদেহ দাফনে বাধা দেওয়ার ঘটনার নিন্দা জানিয়ে তিনি সব নাগরিকের মানবিক মর্যাদা ও মানবাধিকারের পক্ষে থাকার অঙ্গীকার করেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত