প্রিন্ট এর তারিখ : ২৬ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬
ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া আসনে নতুন সংসদ সদস্য পাচ্ছে বিএনপি
সংবাদ দিগন্ত ||
সাবেক সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন এলিজা জামান। তিনি বর্তমানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং কেন্দ্রীয় মহিলা দলের বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মঈন উদ্দীন খানের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন তিনি। মনোনয়নপত্র জমাদান শেষে এলিজা জামান সংরক্ষিত আসনে তাঁকে মনোনীত করার জন্য বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।আরও পড়ুন,তারাকান্দায় টিসিবির ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে বরাদ্দ ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী মঙ্গলবার মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। বাছাই প্রক্রিয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে বুধবার আপিলের সুযোগ থাকবে এবং ২৯ অক্টোবর আপিল নিষ্পত্তি করা হবে। এছাড়া ১ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ও ২ নভেম্বর প্রতীক বরাদ্দের পর আগামী ১২ নভেম্বর ভোটের তারিখ নির্ধারিত রয়েছে। তবে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন বন্টনের নির্দিষ্ট নিয়ম অনুযায়ী, এই আসনটি কেবল বিএনপিকেই দেওয়া হবে। ফলে নির্বাচনে অন্য কোনো দল বা স্বতন্ত্র প্রার্থীর অংশগ্রহণ করার সুযোগ নেই। আইনি ও প্রশাসনিক প্রক্রিয়ায় কোনো ধরনের জটিলতা দেখা না দিলে যাচাই-বাছাই ও আপিল নিষ্পত্তির আনুষ্ঠানিকতা শেষেই এলিজা জামানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হবে। উল্লেখ্য, ঢাকার মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ ওঠায় গত ১ অক্টোবর সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। পরবর্তীতে নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করে এই উপনির্বাচনের তফসিল প্রকাশ করে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত