প্রিন্ট এর তারিখ : ২৬ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬
ভোটের নিরাপত্তায় ড্রোন, বডি ক্যামেরা ও ‘কে-৯’ ডগ ইউনিট নামাল বিজিবি
সংবাদ দিগন্ত ||
ঠাকুরগাঁও-১ আসনের আসন্ন উপনির্বাচন সম্পূর্ণ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি ও সতর্কতা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ইতিমধ্যেই মাঠপর্যায়ে কঠোর তৎপরতা শুরু করেছে বাহিনীটি। আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনে বহুল আলোচিত এই উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন কমিশনের নির্দেশিকা ও প্রচলিত আইন অনুসরণ করে সম্পূর্ণ পেশাদারত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করার প্রত্যয় ব্যক্ত করেছে বিজিবি।আরও পড়ুন,সাঈদী মামলার সাক্ষীর দাফন ও রাষ্ট্রীয় সম্মান নিয়ে তোলপাড়সোমবার (২৬ অক্টোবর) সকালে বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঠাকুরগাঁও সেক্টরের অধীন ৫০ বিজিবি ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় ঠাকুরগাঁও-১ আসনের তিনটি উপজেলার ২২টি ইউনিয়ন ও তিনটি পৌরসভায় মোট ২১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। বর্তমানে এরা মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে প্রস্তুত থেকে মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন। নির্বাচনী এলাকার নিরাপত্তা আরও জোরদার করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হয়েছে। বিজিবির বিশেষায়িত ‘কে-৯’ ডগ ইউনিটের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সংবেদনশীল কেন্দ্রগুলোতে বিজিবি সদস্যদের বডি-ওর্ন ক্যামেরা এবং আধুনিক ড্রোনের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে। ভোটাররা যেন সম্পূর্ণ ভয়ভীতিহীন ও নিরাপদ পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে নিবিড় সমন্বয় রেখে কাজ চলছে। একই সঙ্গে সীমান্ত অতিক্রম করে যাতে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড না ঘটে, সে জন্য সীমান্ত টহল কয়েক গুণ বাড়ানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত