প্রিন্ট এর তারিখ : ২৬ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬
সীতাপর্বে সাই পল্লবী ও রামে রণবীর: মুক্তির আগেই আলোচনায় মহাকাব্যিক ছবি
সংবাদ দিগন্ত ||
বক্স অফিসে মুক্তির আগেই আলোচনার শীর্ষে উঠে এসেছে বলিউড তারকা রণবীর কাপুর ও দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ’। নীতেশ তিওয়ারি পরিচালিত এই ছবিটির প্রথম দিনের অগ্রিম টিকিট বিক্রির চিত্র দেখেই দর্শকদের অভূতপূর্ব আগ্রহের প্রতিফলন লক্ষ্য করা যাচ্ছে। মুক্তির প্রায় দুই সপ্তাহ আগে থেকেই ছবিটিকে ঘিরে এমন গণজোয়ার তৈরি হওয়ায় নির্মাতাদের প্রত্যাশার পারদ এখন তুঙ্গে। ট্রেড বিশেষজ্ঞদের সাম্প্রতিক হিসাব অনুযায়ী, আগামী ৫ নভেম্বর প্রথম দিনের প্রদর্শনীর জন্য অগ্রিম টিকিট বিক্রি থেকেই ইতিমধ্যে আয় হয়েছে ৮ কোটি ১৬ লাখ রুপি। তবে এর মধ্যে প্রযোজকদের বিশেষ বরাদ্দের আসন বাদ দিলে কেবল সাধারণ দর্শকদের টিকিট বিক্রি থেকেই আয় দাঁড়িয়েছে ৬ কোটি ১৫ লাখ রুপি। ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রথম দিনের জন্য নির্ধারণ করা ৩ হাজার ৯৪৪টি প্রদর্শনীর প্রায় ৯৫ শতাংশ আসনই ইতিমধ্যে পূর্ণ হয়ে গেছে।আরও পড়ুন,আইফার মঞ্চে শহিদ-কারিনার উষ্ণ আলিঙ্গনশহরভিত্তিক অগ্রিম বিক্রির হিসাবে শীর্ষে রয়েছে দিল্লি। অন্যদিকে দর্শকদের উপচে পড়া চাহিদার কারণে মুম্বাইয়ের মতো প্রধান শহরগুলোতে টিকিটের দাম আকাশচুম্বী আকার ধারণ করেছে। সেখানে বিশেষ রিক্লাইনার আসনের টিকিটের দাম ৩ হাজার ১৭০ রুপি পর্যন্ত উঠেছে, যদিও সাধারণ আসনের টিকিটের মূল্য হাতের নাগালেই রয়েছে। প্রায় ৩ ঘণ্টা ১৫ মিনিট দৈর্ঘ্যের এই মহাকাব্যিক ছবিতে রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর এবং সীতার ভূমিকায় রূপদান করেছেন সাই পল্লবী। ভারতীয় মহাকাব্য ‘রামায়ণ’ অবলম্বনে নির্মিত ছবিটির এই প্রাথমিক সাড়া ইঙ্গিত দিচ্ছে যে, মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে ঐতিহাসিক ব্যবসা ছোঁবে এই সিনেমা। তবে শেষ পর্যন্ত সিনেমাটি প্রেক্ষাগৃহে কতটা স্থায়ী সাফল্য পায়, তা নির্ভর করবে মুক্তির পর দর্শক প্রতিক্রিয়া ও পর্যালোচনা ওপর।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত