প্রিন্ট এর তারিখ : ২৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬
ফেসবুক হ্যাক ও অপপ্রচারের বিরুদ্ধে সরব ফারুকী
সংবাদ দিগন্ত ||
অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সঙ্গে বিচ্ছেদের খবরকে পুরোপুরি ভিত্তিহীন ও অপপ্রচার বলে উড়িয়ে দিয়েছেন জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা ও সাবেক সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। একই সঙ্গে নিজের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকিংয়ের শিকার হওয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য ছড়ানোর ঘটনায় তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। শনিবার এক প্রতিক্রিয়ায় ফারুকী জানান, সকালে ঘুম থেকে উঠে তিনি দেখতে পান তাঁর ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক করে ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে। দেশের একটি নির্দিষ্ট সাইবার অপরাধী গ্রুপ এই কাণ্ড ঘটিয়ে বিভিন্ন প্ল্যাটফর্মে উদযাপন করছে বলে তিনি অভিযোগ করেন। এই বিষয়ে দ্রুত আইনগত ও প্রযুক্তিগত পদক্ষেপ নেওয়ার জন্য তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেন। বিচ্ছেদের গুজব প্রসঙ্গে চরম বিরক্তি প্রকাশ করে এই নির্মাতা বলেন, এসব অপদার্থদের ভিত্তিহীন কথার জবাব দেওয়ার মতো সময় বা আগ্রহ তাঁর নেই। আরও পড়ুন,গোপন আইডির পর প্রকাশ্য ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের কার্যকলাপ নিয়ে চর্চায় বলিউড নবাবঅন্যদিকে অস্ট্রেলিয়া ও সুইজারল্যান্ডে তাঁর স্থাবর সম্পত্তি রয়েছে বলে ইন্টারনেটে ছড়িয়ে পড়া আলোচনাকে কৌতুকপ্রদ আখ্যা দিয়ে ফারুকী বলেন, চাইলেই সরকারি বা অফিশিয়াল মাধ্যমে এসব তথ্যের সত্যতা সহজে যাচাই করা সম্ভব। অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে দর্শকদের তাঁর নির্মাণ কাজ নিয়ে আলোচনা করার অনুরোধ জানান তিনি। ব্যক্তিগত জীবনের এই ঝড়ের মাঝেই ফারুকী তাঁর কাজের ধারাবাহিকতা বজায় রেখেছেন। তিনি জানান, ঢাকা, ময়মনসিংহ ও দক্ষিণ কোরিয়ায় শুটিং সম্পন্ন করে দুটি নতুন বিজ্ঞাপনের কাজ শেষ করেছেন এবং খুব শিগগিরই আরেকটি বিজ্ঞাপনের কাজ শুরু করতে যাচ্ছেন। পাশাপাশি দুটি নতুন বড় পর্দার চলচ্চিত্রের চিত্রনাট্য নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। এর মধ্যে একটি জেন-জি (Gen-Z) প্রজন্মের প্রেমের পটভূমিতে তৈরি, যার নাম রাখা হয়েছে ‘টু হেল, উইথ লাভ’; অন্যটি রাজনৈতিক গল্পভিত্তিক চলচ্চিত্র। উল্লেখ্য, ২০১০ সালের ১৬ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া ফারুকী-তিশা দম্পতির কোলজুড়ে ২০২২ সালে আসে কন্যাসন্তান ইলহাম। দীর্ঘ দিন ধরে দেশের শোবিজ অঙ্গনে তাঁরা অন্যতম সফল তারকা দম্পতি হিসেবে পরিচিত।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত