প্রিন্ট এর তারিখ : ২৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬
উচ্চমূল্যের পণ্য ও উদ্ভাবনী প্রযুক্তির ব্যবহারের ওপর জোর বিজিএমইএ নেতার
সংবাদ দিগন্ত ||
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে বাংলাদেশের ডেনিম রফতানিতে ইতিবাচক প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, চলতি বছরের আগস্ট মাসে ইইউতে বাংলাদেশের ডেনিম রফতানি গত বছরের একই সময়ের তুলনায় ১২ দশমিক ৭১ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৩৪ দশমিক ০৮ মিলিয়ন ইউরোতে দাঁড়িয়েছে। এর ফলে ইইউর মোট ডেনিম আমদানিতে বাংলাদেশের হিস্যা ৩০ দশমিক ৮ শতাংশ থেকে বেড়ে ৩১ দশমিক ২ শতাংশে উন্নীত হয়েছে। তবে বছরের প্রথম আট মাসে (জানুয়ারি-আগস্ট) সার্বিক রফতানি সামান্য কমে ৮৬৯ দশমিক ১৩ মিলিয়ন ইউরোতে দাঁড়ালেও, প্রতিদ্বন্দ্বী দেশগুলোর তুলনায় সামগ্রিক বাজারে বাংলাদেশ তার শীর্ষ অবস্থান অক্ষুণ্ণ রাখতে সক্ষম হয়েছে। ইউরোস্ট্যাটের প্রতিবেদন অনুযায়ী, ইউরোপের বাজারে ডেনিম সরবরাহকারী শীর্ষ দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান সবার ওপরে। দ্বিতীয় অবস্থানে থাকা পাকিস্তানের চেয়ে বাংলাদেশের রফতানি প্রায় ৩৪৪ মিলিয়ন ইউরো বেশি।আরও পড়ুন,রাজস্ব বৃদ্ধি ও সুশাসনের ওপর বিশেষজ্ঞদের জোরালো তাগিদ জানুয়ারি-আগস্ট সময়ে পাকিস্তানের রফতানি কমে ৫২৫ দশমিক ৪৯ মিলিয়ন ইউরো এবং তৃতীয় স্থানে থাকা তুরস্কের রফতানি ২১ শতাংশের বেশি কমে ৪৩৮ দশমিক ২৫ মিলিয়ন ইউরোতে নেমে এসেছে। এছাড়া তিউনিসিয়া, কম্বোডিয়া ও মরক্কোর রফতানিও হ্রাসের মুখে পড়েছে। তবে ব্যতিক্রমী সাফল্য দেখিয়ে মিসর ও চীনের পাশাপাশি ছোট সরবরাহকারী দেশ হিসেবে ভিয়েতনাম ও ভারত ভালো প্রবৃদ্ধি অর্জন করেছে। তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল জানান, বৈশ্বিক উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি চ্যালেঞ্জ ও আমদানিতে সামগ্রিক নিম্নমুখী প্রবণতা থাকা সত্ত্বেও দীর্ঘদিনের সুপ্রতিষ্ঠিত সরবরাহ ব্যবস্থা, দক্ষ জনবল এবং প্রযুক্তিগত সক্ষমতার কারণে বাংলাদেশ এই শক্ত অবস্থান ধরে রেখেছে। তবে দীর্ঘমেয়াদী বৈশ্বিক প্রবৃদ্ধি বজায় রাখতে কেবল বিপুল পরিমাণ উৎপাদনের ওপর নির্ভর না করে উচ্চমূল্যের পণ্য উৎপাদন, স্থানীয় পর্যায়ে মূল্য সংযোজন বৃদ্ধি এবং ইউরোপীয় গ্রিন ডিলসহ নতুন বাণিজ্য বিধিমালার শর্তাবলি পরিপালনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত