প্রিন্ট এর তারিখ : ২৪ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬
ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলীর নিয়োগ ও বৈধতা নিয়ে প্রশ্ন
জোবায়ের হোসেন ইফতি, ||
গাজীপুর সিটি করপোরেশনের কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তদন্ত, কথিত টেন্ডার-বাণিজ্য বন্ধ এবং ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাকের (রাজু) অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় গাজীপুর মিডিয়া সেন্টারের সামনে গাজীপুর নাগরিক কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে অংশ নেওয়া ব্যক্তিরা সিটি করপোরেশনের বিভিন্ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধনে প্রদর্শিত ব্যানারে সিটি করপোরেশনকে দুর্নীতি ও অনিয়মের অভিযোগমুক্ত করার দাবি জানানো হয়। এ সময় বক্তারা বলেন, সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে এবং বিভিন্ন টেন্ডার ও কোটেশন প্রক্রিয়ায় কোনো অনিয়ম হয়ে থাকলে তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে চিহ্নিত করতে হবে।
কর্মসূচিতে আয়োজকদের পক্ষ থেকে অভিযোগ করা হয়, ২০২৪ সালের ৫ আগস্টের পর কয়েকজন বিতর্কিত ব্যক্তি ও তাঁদের সঙ্গে সংশ্লিষ্টদের গাজীপুরে আশ্রয় দেওয়া হয়।আরোও পড়ুন,ইয়ারপুর ইউনিয়নের সচিব আফজালের দুর্নীতিতে লক্ষ লক্ষ টাকা রাজস্ব হারাচ্ছে,, তাঁদের অভিযোগ, সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাকের সংশ্লিষ্টতায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে কোটি কোটি টাকার টেন্ডার ও কোটেশনের কাজ দেওয়ার মাধ্যমে তাঁদের পুনর্বাসনের সুযোগ তৈরি করা হয়েছে।
এ ছাড়া সুদীপ বসাকের নিয়োগ এবং ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলীর দায়িত্ব পালনের বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন আন্দোলনকারীরা। তাঁরা তাঁর অপসারণ, উত্থাপিত অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য দেন জাতীয় নাগরিক সমাজের কেন্দ্রীয় মহাসচিব সুফি মো. আহসান হাবিব, গাজীপুর নাগরিক কমিটির সভাপতি জুলীয়াস চৌধুরী, সংগঠনটির দপ্তর সম্পাদক নাশিদ আহমেদ তুষার, মোহাম্মদ আব্দুল মালেক, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ আনাস ও দুলাল মিয়াসহ অন্যরা।
বক্তারা বলেন, গাজীপুর সিটি করপোরেশনের নিয়োগ, প্রশাসনিক দায়িত্ব বণ্টন এবং সরকারি ক্রয় ও উন্নয়নকাজে প্রচলিত আইন ও বিধিবিধান অনুসরণ করা জরুরি। একই সঙ্গে টেন্ডার ও কোটেশনসংক্রান্ত নথিপত্র, কার্যাদেশ এবং আর্থিক লেনদেন যাচাই করে অনিয়মের অভিযোগের সত্যতা নির্ধারণের আহ্বান জানান তাঁরা।
তাঁরা আরও বলেন, অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এতে সিটি করপোরেশনের কার্যক্রমে স্বচ্ছতা বাড়বে এবং সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত