প্রিন্ট এর তারিখ : ২৩ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬
পাঠ্যপুস্তকে ঐতিহাসিক পরিবর্তন ও সংযোজন
সংবাদ দিগন্ত ||
আগামী শিক্ষাবর্ষের জন্য প্রাক্-প্রাথমিক থেকে নবম-দশম শ্রেণি পর্যন্ত প্রায় ৩১ কোটি পাঠ্যবই ছাপানোর বিশাল কর্মযজ্ঞ চলছে। মোট ১ হাজার ৮৭৯ কোটি টাকা সম্ভাব্য ব্যয়ে উৎপাদিত এসব বই নির্ধারিত সময়ে শিক্ষার্থীদের হাতে পৌঁছানো নিয়ে কিছুটা অনিশ্চয়তা ও প্রশ্ন তৈরি হয়েছে, বিশেষ করে মাধ্যমিক স্তরের কাজে কাঙ্ক্ষিত গতি না থাকায়। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই বোর্ডের (এনসিটিবি) তথ্য অনুযায়ী, প্রাথমিক স্তরের বই ছাপানো ও সরবরাহের অগ্রগতি বেশ সন্তোষজনক। প্রাথমিক স্তরের ৮৬ শতাংশেরও বেশি মুদ্রণ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে এবং পিডিআই বা প্রাক্-সরবরাহ পরিদর্শন প্রক্রিয়া শেষে ৭৪ শতাংশ বই মাঠপর্যায়ে সরবরাহ করা হয়েছে। তবে মাধ্যমিক স্তরের চিত্র সম্পূর্ণ ভিন্ন। প্রথম দফার ২০ কোটি ৮৪ লাখ বইয়ের মাত্র ৫০ শতাংশ ছাপার কাজ শেষ হয়েছে এবং আনুষঙ্গিক প্রক্রিয়া শেষে সরবরাহ করা হয়েছে মোটে ৪০ শতাংশ। এর মধ্যে নবম-দশম শ্রেণির বই সরবরাহ হয়েছে মাত্র ৩ শতাংশের কাছাকাছি। এদিকে, আগামী শিক্ষাবর্ষে নতুন করে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে মোট চারটি বই যুক্ত হতে যাচ্ছে।আরোও পড়ুন,ইতিহাস গড়ে শান্তিপূর্ণ দুর্গোৎসব চতুর্থ শ্রেণির জন্য ‘বাংলাদেশের সংস্কৃতি’ ও ‘খেলাধুলা’ এবং ষষ্ঠ শ্রেণির জন্য ‘আমার কারিগরি শিক্ষা’ ও ‘আনন্দময় শিক্ষা’ বইগুলোর অনুমোদন ও ছাপার কার্যাদেশ ২৫ অক্টোবর অনুষ্ঠিতব্য এনসিসিসি সভার সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। পাশাপাশি পাঠ্যপুস্তকের ইতিহাস ও বিষয়বস্তুতে গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন আনা হচ্ছে। এর মধ্যে মুক্তিযুদ্ধের সেক্টর ও ব্রিগেড ফোর্স, বীরশ্রেষ্ঠদের জীবনী, ৭ নভেম্বরের ঐতিহাসিক ঘটনা এবং নব্বইয়ের গণ-অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক ভূমিকা অন্তর্ভুক্ত হচ্ছে। এছাড়া নবম-দশম শ্রেণির বাংলা বইয়ে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতাযুদ্ধের স্মৃতি’ নিবন্ধ যুক্ত করা এবং স্বাধীনতার ঘোষণার বর্ণনায় পরিবর্তন আনার বিষয়ও রয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনসিটিবি জানিয়েছে, আগামী ৩০ নভেম্বরের মধ্যে সব বই ছাপার কাজ শেষ করে মাঠপর্যায়ে প্রেরণের চূড়ান্ত লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কিছু মুদ্রণ প্রতিষ্ঠান সামান্য পিছিয়ে পড়লেও নতুন বছরের জানুয়ারি মাসের শুরুতেই দেশের সব শিক্ষার্থীর হাতে শতভাগ নতুন পাঠ্যবই তুলে দেওয়া সম্ভব হবে বলে তারা দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত