প্রিন্ট এর তারিখ : ২২ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬
তালায় দুই সপ্তাহ ধরে নিখোঁজ গৃহবধূ সাথী, মায়ের অপেক্ষায় কাঁদছে দুই শিশু
শেখ আমিনুর হোসেন ||
সাতক্ষীরার তালা উপজেলায় প্রায় দুই সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন সাথী পারভীন (৩০) নামে দুই সন্তানের এক গৃহবধূ। গত ১০ অক্টোবর চিকিৎসক দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর তাঁর আর কোনো সন্ধান পায়নি পরিবার। আত্মীয়স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর সন্ধান না মেলায় উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটছে স্বজনদের। এদিকে মায়ের ফিরে আসার অপেক্ষায় রয়েছে তাঁর ১০ বছর বয়সী মেয়ে ও চার বছর বয়সী ছেলে। নিখোঁজ সাথী পারভীন তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নের পাঁচপাড়া কারিগরপাড়া এলাকার বাসিন্দা। তাঁর স্বামী আব্দুল আলিম এ ঘটনায় পাটকেলঘাটা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।আরোও পড়ুন,তালায় বিজয়ার আনন্দ মুহূর্তেই বিষাদে, প্রতিমার কপালে সিঁদুর দিতে গিয়ে নববধূর মৃত্যু জিডি সূত্রে জানা যায়, গত ১০ অক্টোবর দুপুরে চিকিৎসক দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হন সাথী পারভীন। সেদিন রাতে তিনি বাড়িতে না ফেরায় স্বামী আব্দুল আলিম তাঁর খোঁজাখুঁজি শুরু করেন। আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। পরিবারের দাবি, নিখোঁজ হওয়ার পর থেকে তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। আব্দুল আলিম জানান, তাঁদের সংসারে ১০ বছর বয়সী একটি মেয়ে ও চার বছর বয়সী একটি ছেলে রয়েছে। মায়ের অনুপস্থিতিতে দুই শিশুই মানসিকভাবে ভেঙে পড়েছে। তারা মায়ের জন্য কান্নাকাটি করছে। স্ত্রীকে খুঁজে পেতে তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন। এ বিষয়ে পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জেল হোসেন জানান, গৃহবধূ নিখোঁজের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিট পুলিশ কর্মকর্তা বিষয়টি পর্যবেক্ষণ করছেন। নিখোঁজ নারীর সন্ধান এবং ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।দুই সন্তানের জননী সাথী পারভীনের নিখোঁজের ঘটনায় পরিবারে উদ্বেগ বাড়ছে। স্বজনদের প্রত্যাশা, দ্রুত তাঁর সন্ধান মিলবে এবং তিনি সুস্থভাবে পরিবারের কাছে ফিরে আসবেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত