প্রিন্ট এর তারিখ : ২২ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬
ভঙ্গুর অর্থনীতি নিয়েই সরকারের যাত্রা শুরু: চিফ হুইপ
সংবাদ দিগন্ত ||
সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে জনগণ ভোটের মাধ্যমে তার জবাব দেবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেছেন, সরকারের পাঁচ বছরের কর্মকাণ্ড মূল্যায়ন করেই পরবর্তী নির্বাচনে ভোট দেবেন জনগণ। তাই ঘন ঘন আন্দোলনের মাধ্যমে সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা না করে অপেক্ষা করা উচিত। বুধবার (২১ অক্টোবর) বরিশাল শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত জিয়া মঞ্চের বরিশাল বিভাগীয় সম্মেলন-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চিফ হুইপ বলেন, ৩০ লাখ কোটি টাকা পাচার হয়ে যাওয়া একটি দেশের ভঙ্গুর অর্থনীতি নিয়ে বর্তমান সরকার যাত্রা শুরু করেছে। এর মধ্যেই বিরোধী পক্ষের লং মার্চসহ বিভিন্ন কর্মসূচি দেশ পুনর্গঠনের উদ্যোগকে বাধাগ্রস্ত করছে বলে মন্তব্য করেন তিনি। তাঁর মতে, লং মার্চের মাধ্যমে দেশের পরিস্থিতির প্রকৃত পরিবর্তন আনা সম্ভব নয়।আরোও পড়ুন,প্রতিমন্ত্রী পদে ইশরাককে চান জুলাই যোদ্ধারা বিদ্যুৎ সংকট প্রসঙ্গে নূরুল ইসলাম মনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বিদ্যুৎ সংকট মোকাবিলায় সৌরবিদ্যুতের যন্ত্রপাতি আমদানিতে আগামী তিন বছরের জন্য করছাড় দিয়েছেন। এ সুযোগ যথাযথভাবে কাজে লাগানো গেলে এক বছরের মধ্যে বিদ্যুতের ঘাটতি পূরণ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি। বিএনপির রাজনৈতিক ভূমিকা তুলে ধরে চিফ হুইপ বলেন, দীর্ঘ ১৭ বছরের জুলুম-নির্যাতন ও প্রতিকূলতা মোকাবিলা করে ফ্যাসিবাদী সরকারের পতনে নেতৃত্ব দিয়েছে বিএনপি। তিনি আরও বলেন, ভঙ্গুর অর্থনীতি ও নানা সংকটের মধ্যে দায়িত্ব নিয়ে বর্তমান সরকার দেশ পুনর্গঠনের চেষ্টা করছে। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডসহ বিভিন্ন সরকারি সহায়তা কর্মসূচির মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থার উন্নয়নে উদ্যোগ নেওয়া হয়েছে। সম্মেলনে বরিশাল বিভাগের বিভিন্ন মহানগর ও জেলা থেকে আসা বিএনপির নেতাকর্মী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত