প্রিন্ট এর তারিখ : ২২ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬
ট্রাম্পের ভিসানীতিতে চাপে বিদেশি নাগরিকেরা
সংবাদ দিগন্ত ||
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এখন পর্যন্ত তিন লাখের বেশি ভিসা বাতিল করেছে তার প্রশাসন। মঙ্গলবার ২০ অক্টোবর এ তথ্য জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভিসা বাতিলের সংখ্যা দ্রুত বেড়েছে। ২০২৫ সালের জানুয়ারিতে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরু হওয়ার পর থেকে গত ১০ আগস্ট পর্যন্ত এক লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিলের তথ্য জানিয়েছিল মার্কিন পররাষ্ট্র দপ্তর। সর্বশেষ হিসাব অনুযায়ী, সেই সংখ্যা বেড়ে তিন লাখ ছাড়িয়েছে। ট্রাম্প প্রশাসনের দাবি, ভিসার শর্ত লঙ্ঘন, অপরাধে জড়িত থাকা, প্রতারণা কিংবা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করলে বিদেশি নাগরিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের আগের দেওয়া তথ্য অনুযায়ী, হামলা, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, চুরি ও মাদকসংক্রান্ত অপরাধ ভিসা বাতিলের উল্লেখযোগ্য কারণগুলোর মধ্যে রয়েছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, আইন লঙ্ঘনকারী বিদেশিদের বিষয়ে প্রশাসনের অবস্থান কঠোর। তবে ভিসা বাতিলের বিষয়টি শুধু অপরাধ দমন কিংবা অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে সীমাবদ্ধ নেই।আরও পড়ুন,ইরান সংকট নিয়ে তৎপর পাকিস্তান ও রাশিয়াফিলিস্তিনপন্থি বিক্ষোভে অংশ নেওয়া বিদেশি নাগরিক এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করা কয়েকজনের ভিসা বাতিলের ঘটনাও আলোচনায় এসেছে। বিশেষ করে গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে বিক্ষোভ এবং রক্ষণশীল ভাষ্যকার চার্লি কার্কের হত্যাকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্যের পর কয়েকজন বিদেশির ভিসা বাতিলের ঘটনা বিতর্ক তৈরি করেছে। মানবাধিকারকর্মীদের আশঙ্কা, ভিসা যাচাইয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যক্রমকে বেশি গুরুত্ব দেওয়া হলে মতপ্রকাশের স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হতে পারে। অন্যদিকে ট্রাম্প প্রশাসন জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তার স্বার্থে কঠোর যাচাই-বাছাইয়ের পক্ষে অবস্থান নিয়েছে। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রে তিন লাখের বেশি ভিসা বাতিলের ঘটনা দেশটির অভিবাসননীতি, নিরাপত্তা এবং মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি করেছে। ভবিষ্যতে এই নীতির প্রয়োগ বিদেশি শিক্ষার্থী, কর্মী, পর্যটক ও অন্যান্য ভিসাপ্রত্যাশীদের ওপর কী প্রভাব ফেলে, তা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত