প্রিন্ট এর তারিখ : ২২ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬
টঙ্গী পূর্ব থানা পুলিশের অভিযানে দুই দুর্ধর্ষ আসামি গ্রেপ্তার
জোবায়ের হোসেন ইফতি ||
গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানা পুলিশের পৃথক অভিযানে হত্যা চেষ্টা, ছিনতাই, মাদকসহ একাধিক মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অপরাধ (দক্ষিণ) বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) টঙ্গী পূর্ব থানা পুলিশের দুটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানাধীন এরশাদনগর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, টঙ্গী পূর্ব থানার এসআই (নিঃ) মো. মাজহারুল হকের নেতৃত্বে পরিচালিত অভিযানে এরশাদনগর এলাকার বাসিন্দা মো. সাইফুল ইসলাম মণির (৩৮) ছেলে মণির ওরফে বোমা মণিরকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে বিগত সরকারের আমলে যুবলীগের ছত্রছায়ায় এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমের অভিযোগ রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।আরও পড়ুন,ভাটেরারচরে সংঘর্ষ ঘিরে এলাকায় উত্তেজনা তাঁর বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।অপরদিকে, এসআই (নিঃ) মো. উমর ফারুকের নেতৃত্বে পরিচালিত আরেকটি অভিযানে এরশাদনগর এলাকার বাসিন্দা মো. মেজর হোসেন সোহানের (২৫) ছেলে মো. সোহানকে গ্রেপ্তার করা হয়। তিনি দৈনিক ইনকিলাব পত্রিকার গাজীপুর প্রতিনিধি জনাব মারুফ আহমেদের ওপর হামলা ও হত্যা চেষ্টা মামলার এজাহারনামীয় আসামি বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সোহানের বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় দায়ের করা মামলাসহ ছিনতাই ও মাদকসংক্রান্ত একাধিক মামলা রয়েছে। তাঁর বিরুদ্ধে সর্বমোট সাতটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত