প্রিন্ট এর তারিখ : ২০ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬
মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত বন্ধ ব্যাংকিং লেনদেন
সংবাদ দিগন্ত ||
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ মঙ্গলবার থেকে টানা পাঁচ দিন বন্ধ থাকছে দেশের ব্যাংক ও শেয়ারবাজার। পূজার সরকারি ছুটি এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে আগামী শনিবার পর্যন্ত বন্ধ থাকবে নিয়মিত ব্যাংকিং কার্যক্রম। একই সময়ে দেশের দুই শেয়ারবাজারেও বন্ধ থাকবে শেয়ার কেনাবেচা। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিন দিন দুর্গাপূজার ছুটি। এরপর ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা পাঁচ দিন ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। ছুটির আগে গ্রাহকদের ব্যাংকিং সেবা নিশ্চিত করতে গত শনিবার, ১৭ অক্টোবর, ব্যাংক খোলা রাখা হয়েছিল। ওই দিন সাধারণ কর্মদিবসের মতো ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হয়। তবে পূজার ছুটিতে সব ধরনের ব্যাংকিং সেবা পুরোপুরি বন্ধ থাকবে না। আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা এবং বুথগুলোতে সীমিত পরিসরে ব্যাংকিং সেবা চালু থাকবে। আরও পড়ুন,কারখানার ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনে বড় পরিকল্পনা প্রাণ-আরএফএলেরবাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, বন্দর ও কাস্টমস এলাকায় আমদানি-রপ্তানিসংক্রান্ত জরুরি কার্যক্রম অব্যাহত রাখতে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এ ক্ষেত্রে স্থানীয় প্রশাসন, বন্দর কর্তৃপক্ষ এবং কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকায় একই সময়ে দেশের দুই শেয়ারবাজারেও লেনদেন বন্ধ থাকবে। ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে শেয়ারবাজারের লেনদেনের সরাসরি সম্পর্ক থাকায় এ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। টানা পাঁচ দিনের ছুটির কারণে ব্যাংকে সরাসরি গিয়ে লেনদেন, চেক নিষ্পত্তি ও অন্যান্য নিয়মিত সেবা নিতে গ্রাহকদের অপেক্ষা করতে হতে পারে। তাই জরুরি ব্যাংকিং প্রয়োজন থাকলে ছুটির আগেই প্রয়োজনীয় কাজ সম্পন্ন করার পরামর্শ দেওয়া হচ্ছে। তবে সীমিত পরিসরে চালু থাকা বন্দর এলাকার ব্যাংকিং সেবা এ সময়ে আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে সহায়তা করবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত