প্রিন্ট এর তারিখ : ২০ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬
সিটি নির্বাচন ঘোষণা হয়নি তবু মাঠে জামায়াতের প্রার্থীরা
সংবাদ দিগন্ত ||
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের তারিখ ঘোষণা না হলেও কাউন্সিলর পদে নির্বাচনী প্রস্তুতি এগিয়ে নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ১২৯টি ওয়ার্ডের মধ্যে ১১২টিতে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের নাম দলীয়ভাবে জানানো হয়েছে। এসব সম্ভাব্য প্রার্থী ইতিমধ্যে ওয়ার্ডে ওয়ার্ডে প্রচারণা চালাচ্ছেন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে যোগাযোগের পাশাপাশি অংশ নিচ্ছেন বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে। দলীয় সূত্র অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫৪টি ওয়ার্ডের মধ্যে ৪৩টিতে এবং দক্ষিণ সিটির ৭৫টি ওয়ার্ডের মধ্যে ৬৯টিতে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। বাকি ১৭টি ওয়ার্ডে চলছে যাচাই-বাছাই। তবে নাম ঘোষণা করা হলেও এখনো কাউকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়নি। কাউন্সিলর পদের পাশাপাশি দুই সিটির মেয়র পদেও সম্ভাব্য প্রার্থী ঠিক করে রেখেছে জামায়াত। ঢাকা উত্তরে মহানগর শাখার আমির ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন এবং দক্ষিণে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি মো. আবু সাদিক সাদিক কায়েম সম্ভাব্য প্রার্থী হিসেবে কাজ করছেন। তবে তাঁদের নামও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। আরও পড়ুন,দুর্গাপূজার মূল বার্তা সত্য ও ন্যায় প্রতিষ্ঠা রিজভীসম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের মধ্যে কেউ কেউ নিজেদের প্রার্থী পরিচয় দিয়ে ব্যানার-ফেস্টুন টাঙিয়েছেন। বিভিন্ন সামাজিক কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করছেন তাঁরা। কোথাও কোথাও মেডিক্যাল ক্যাম্প, মশকনিধন কার্যক্রম এবং স্থানীয় সমস্যা সমাধানের উদ্যোগও নেওয়া হচ্ছে। ঢাকা মহানগর উত্তর জামায়াতের নেতারা জানিয়েছেন, সম্ভাব্য প্রার্থীদের তালিকা এখনো চূড়ান্ত নয়। যাচাই-বাছাই শেষে কারও নাম বাদ পড়তে পারে। প্রয়োজনে বিকল্প প্রার্থীও দেওয়া হবে। অন্যদিকে দলের প্রচার ও মিডিয়া বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, মেয়র প্রার্থীদের নাম কেন্দ্রীয়ভাবে এবং কাউন্সিলর প্রার্থীদের নাম সংশ্লিষ্ট মহানগর শাখা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে। এদিকে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা চললেও ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের সময়সূচি এখনো জানায়নি নির্বাচন কমিশন। গত ১২ অক্টোবর ইউনিয়ন পরিষদ নির্বাচনের পাঁচ ধাপের সময়সূচি চূড়ান্ত করা হলেও সিটি করপোরেশন নির্বাচন নিয়ে কোনো তারিখ ঘোষণা করা হয়নি। ফলে নির্বাচনের আনুষ্ঠানিক ঘোষণা না এলেও সম্ভাব্য প্রার্থী বাছাই ও মাঠপর্যায়ের প্রচারণার মাধ্যমে নিজেদের প্রস্তুতি এগিয়ে রাখছে জামায়াতে ইসলামী।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত