প্রিন্ট এর তারিখ : ২০ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬
বিরোধিতা হতে হবে গঠনমূলক বললেন প্রধানমন্ত্রী
সংবাদ দিগন্ত ||
সরকার গঠনের শুরুর দিকে ফজরের নামাজের পর বিভিন্ন স্থানে ঝাড়ু দিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম চালাতে দেখা গেলেও এখন আর তেমনটি দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বিরোধী দলকে গঠনমূলক ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেছেন, বিরোধিতা করতে গিয়ে এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয়, যাতে স্বৈরাচারের ফিরে আসার পথ তৈরি হয়। সোমবার রাজধানীর ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ ও উদ্যানের আধুনিকায়ন কাজের উদ্বোধন শেষে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বক্তব্যে বিরোধী দলের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে তারেক রহমান বলেন, ইদানীং বিরোধী দল বিরোধিতা করার জন্যই বিরোধিতা করছে। পুরোনো রাজনৈতিক সংস্কৃতিতে ফিরে গেলে দেশকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব নয়। সরকারের বিরোধিতা অবশ্যই করা যাবে, তবে তা হতে হবে গঠনমূলক। বিরোধিতা করতে গিয়ে স্বৈরাচারের ফিরে আসার পথ উন্মুক্ত করা হলে তা মুক্তিযুদ্ধ ও জুলাইয়ের সঙ্গে গাদ্দারির শামিল হবে বলেও মন্তব্য করেন তিনি। আরও পড়ুন,দেশে ডেঙ্গুতে মৃত্যু ৩৫২ ছাড়াল আক্রান্ত ১ লাখ ১৪ হাজারউল্লেখ্য, জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে শপথ নেওয়ার পরদিন ফজরের নামাজ শেষে মিরপুরের সড়ক পরিষ্কারে নেমেছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সে সময় দলের নেতাকর্মীরা প্রতিদিন ওই এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম চালাবেন বলে জানিয়েছিলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, জুলাই ও একাত্তরের শহীদদের লক্ষ্য ছিল অভিন্ন। তারা চেয়েছিলেন দেশের মানুষ সুশিক্ষা পাবে এবং পরিবেশ সুন্দর থাকবে। তাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ গণতন্ত্রে ফিরে এসেছে। জনগণ ভোটের মাধ্যমে বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি। জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর পরও বিরোধী দলের অংশ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, গণতন্ত্রে সব বিষয়ে একমত হওয়া সম্ভব নয়। তবে দেশের স্বার্থে দ্বিমত পোষণ করার কোনো কারণ নেই। সংবিধান সংশোধনসহ বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকলে সংসদে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি। এ সময় সড়ক অবরোধ ও বিক্ষোভের মাধ্যমে জনজীবন ব্যাহত না করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। জনগণ দেশে শান্তি ও স্থিতিশীলতা চায় বলেও মন্তব্য করেন তিনি। এ ছাড়া হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি কোয়ার্টারে আকস্মিক পরিদর্শনের প্রসঙ্গ তুলে তারেক রহমান বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ তুলনামূলক ভালো হলেও হাসপাতাল ও সরকারি কোয়ার্টারের অবস্থা সবচেয়ে খারাপ। সরকারি কর্মকর্তারা নিজেরা পরিবেশের বিষয়ে সচেতন না হলে সাধারণ মানুষ কী শিখবে, সেই প্রশ্নও তোলেন তিনি। পরিচ্ছন্ন ও সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে দেশবাসীকে সঙ্গে নিয়ে এখন থেকেই কাজ শুরু করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত