প্রিন্ট এর তারিখ : ১৯ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬
দুর্গাপূজার মূল বার্তা সত্য ও ন্যায় প্রতিষ্ঠা রিজভী
সংবাদ দিগন্ত ||
শারদীয় দুর্গাপূজার মূল মর্মবাণী হলো অসত্যকে বিনাশ করে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করা। উৎসব মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে এবং ধর্মীয় বিভেদ ভুলে সবাইকে একসঙ্গে আনন্দ ভাগাভাগি করতে শেখায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন শেষে দর্শনার্থী ও সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, বারবার ফিরে আসে মায়ের আগমনে শারদীয় দুর্গাপূজা। এই উৎসবের বার্তা কোনো নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং তা সব ধর্মের মানুষ এবং সমগ্র মানবজাতির জন্য প্রযোজ্য। উৎসব মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করে। অন্য ধর্মের মানুষও এই আনন্দে অংশ নেন। তিনি বলেন, প্রত্যেক নাগরিকের অধিকার সুরক্ষা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। দুর্গাপূজা যেন নির্বিঘ্নে, শান্তিপূর্ণভাবে ও নিরাপত্তার সঙ্গে উদযাপিত হতে পারে, তা নিশ্চিত করা রাষ্ট্রের কর্তব্য।আরও পড়ুন,পদত্যাগের পর মুখ খুললেন ইশরাক হোসেন দুর্গাপূজা উপলক্ষে ছুটি ও সরকারি সহায়তার প্রসঙ্গ তুলে বিএনপির এই নেতা বলেন, সনাতন ধর্মাবলম্বীদের পক্ষ থেকে দুই দিনের ছুটির আবেদন করা হলেও সরকার তা বাড়িয়ে তিন দিন করেছে। এতে এবার মোট পাঁচ দিনের ছুটি উপভোগ করতে পারছেন তারা। পাশাপাশি পূজামণ্ডপ ও মন্দিরের জন্য চালের বরাদ্দ ৫০০ কেজি থেকে বাড়িয়ে ৬০০ কেজি করা হয়েছে বলেও জানান তিনি। সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়ে রিজভী বলেন, প্রতিটি মন্দিরের পুরোহিত ও সেবায়েতকে প্রতি মাসে সম্মানী দেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ চলছে। বাংলাদেশের অসাম্প্রদায়িক ঐতিহ্যের কথা উল্লেখ করে তিনি বলেন, শত শত বছর ধরে এ দেশের মানুষ একে অন্যের ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসবে অংশ নিয়ে আসছে। এই ঐতিহ্য নিয়ে কেউ ষড়যন্ত্র করার চেষ্টা করলেও দেশের ধর্মপ্রাণ মানুষ তা সফল হতে দেবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, ধর্মীয় বিশ্বাস যার যার নিজস্ব বিষয়। তবে প্রত্যেক নাগরিক যেন স্বাধীনভাবে নিজের ধর্মীয় অধিকার প্রয়োগ করতে পারেন, রাষ্ট্রকে তা নিশ্চিত করতে হবে। ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার মধ্য দিয়েই বাংলাদেশের দীর্ঘদিনের অসাম্প্রদায়িক ঐতিহ্য অটুট থাকবে বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত