প্রিন্ট এর তারিখ : ১৮ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬
মাছ ও সবজির চড়া দামে চাপে ক্রেতারা
সংবাদ দিগন্ত ||
‘মাছে-ভাতে বাঙালি’ বাঙালির খাদ্যসংস্কৃতির এই চিরচেনা পরিচয় ধরে রাখাই এখন সাধারণ মানুষের জন্য কঠিন হয়ে উঠছে। রাজধানীর বাজারে মাছ ও আগাম শীতকালীন সবজির দাম চড়া। পাশাপাশি ছোলা, বুট, মুগ ও মটর ডালের দামও বেড়েছে। তবে ডিম, মুরগি ও ভোজ্যতেলের বাজারে বড় ধরনের পরিবর্তন নেই। শুক্রবার ১৬ অক্টোবর রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। বাজারে রুই-কাতলা থেকে শুরু করে তেলাপিয়া, কৈ, পাঙাশ ও ছোট মাছ—সব ধরনের মাছ কিনতে ক্রেতাদের বাড়তি টাকা গুনতে হচ্ছে। রুই-কাতলা ওজনভেদে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৬০০ টাকায়। তেলাপিয়ার দাম ২০০ থেকে ৩০০ টাকা। চাষের কৈ ও পাঙাশের দাম কেজিতে ২০০ টাকার নিচে নয়। অন্যদিকে শিংসহ বিভিন্ন ছোট মাছ কিনতে খরচ হচ্ছে ৪০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত। চালের বাজারেও রয়েছে দামের ভিন্নতা। রাজধানীর কারওয়ান বাজারে ২৮ ও পাইজাম চাল প্রতি কেজি ৫০ থেকে ৫৫ টাকায় বিক্রি হচ্ছে। স্বর্ণা চালের দাম ৪৫ থেকে ৫০ টাকা। আর নাজিরশাইল ও মিনিকেট চাল কিনতে গুনতে হচ্ছে ৭৫ থেকে ৯০ টাকা। তবে কিছুটা স্বস্তি দিয়ে সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি সুগন্ধি চিনিগুড়া চালের দাম কমেছে ২০ টাকা। এদিকে বাজারে আগাম শীতকালীন সবজি উঠতে শুরু করলেও দাম এখনও সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। প্রতি পিস ফুলকপি বিক্রি হচ্ছে অন্তত ৫০ টাকায়। প্রতি কেজি শিমের দাম ১২০ টাকা। আরও পড়ুন,নভেম্বরে ঢাকায় বসছে গ্লোবাল সোর্সিং এক্সপোআকারভেদে প্রতিটি লাউ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৬০ টাকায়। পেঁপে ৩০ থেকে ৪০ টাকা, বেগুন ৫০ থেকে ১২০ টাকা এবং করলা ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া প্রতি হালি কাঁচা কলা ৪০ থেকে ৪৫ টাকা, কাঁকরোল ৭০ থেকে ৮০ টাকা এবং কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি দরে। পটল, ঢেঁড়স ও মুলার দাম কেজিতে ৫০ থেকে ৬০ টাকা। টমেটো বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৫০ টাকায়। কুমড়া, বরবটি, ঝিঙে ও কচুর লতির দামও রয়েছে তুলনামূলক চড়া। সবজির পাশাপাশি ছোলা, বুট, মুগ ও মটর ডালের দামও প্রতি কেজিতে ১০ টাকা করে বেড়েছে। তবে ডিমের বাজারে তেমন পরিবর্তন নেই। প্রতি ডজন লাল ডিম বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৫৫ টাকায়। সাদা ডিমের দাম ১৪০ থেকে ১৪৫ টাকা এবং হাঁসের ডিম ১৮০ থেকে ১৯০ টাকা। মুরগির দামও স্থিতিশীল রয়েছে। ভোজ্যতেলের মধ্যে বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার ২০৪ টাকা, খোলা সয়াবিন তেল ১৯০ টাকা এবং পাম তেল বিক্রি হচ্ছে ১৭৫ টাকায়। সব মিলিয়ে মাছ, চাল, সবজি ও ডালের বাড়তি দামে চাপে রয়েছেন সাধারণ ক্রেতারা। কিছু পণ্যের দাম স্থিতিশীল থাকলেও নিত্যপ্রয়োজনীয় খাবার কিনতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে সীমিত আয়ের পরিবারগুলোকে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত