প্রিন্ট এর তারিখ : ১৮ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬
দুর্গাপূজায় সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান স্পিকারের
সংবাদ দিগন্ত ||
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের হিন্দু সম্প্রদায়ের মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। একই সঙ্গে বৈষম্যহীন, শান্তিপূর্ণ ও সামাজিক সংহতিতে সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। রোববার (১৮ অক্টোবর) এক শুভেচ্ছা বার্তায় স্পিকার দেশের সনাতন ধর্মাবলম্বীদের প্রতি ভালোবাসা ও শুভকামনা জানান। তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবকে ঘিরে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে আনন্দ, সম্প্রীতি ও উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। হাফিজ উদ্দিন আহমদ আশা প্রকাশ করেন, দুর্গাপূজার মধ্য দিয়ে সমাজে বিদ্যমান বৈষম্য ও অবিচার দূর হবে এবং সাম্য, মৈত্রী ও সৌহার্দ্যের নতুন দিগন্ত উন্মোচিত হবে।আরও পড়ুন,দুর্নীতিমুক্ত ভূমিসেবা নিশ্চিতের নির্দেশ ভূমিমন্ত্রীর একই সঙ্গে বাংলার চিরায়ত ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ এবং সংস্কৃতির সৌন্দর্য অক্ষুণ্ন থাকবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। শুভেচ্ছা বার্তায় স্পিকার আরও বলেন, উৎসবের আনন্দ মানুষের জীবনে নতুন প্রেরণা নিয়ে আসুক এবং আগামী দিনগুলো আরও সাফল্যমণ্ডিত ও আনন্দময় হয়ে উঠুক। ধর্মীয়, সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে বিভিন্ন ধর্ম, গোত্র ও সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক বন্ধুত্ব, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে বলে তিনি আশা করেন। তিনি বলেন, সামাজিক সংহতি ও ধর্মীয় সম্প্রীতির চেতনাকে ধারণ করে সবাইকে একসঙ্গে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও বৈষম্যহীন দেশ গড়ে তুলতে হবে। স্পিকার শারদীয় দুর্গোৎসবের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন। পাশাপাশি উৎসবের অনাবিল আনন্দ সবার ঘরে ঘরে ছড়িয়ে পড়বে এবং মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্য আরও বাড়বে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত