প্রিন্ট এর তারিখ : ১৮ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬
চার মিনিটে মেসির জোড়া গোল, ইন্টার মায়ামির দাপুটে জয়
সংবাদ দিগন্ত ||
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) দুর্দান্ত ছন্দে রয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে মাত্র চার মিনিটের ব্যবধানে জোড়া গোল করে দলকে ৩-১ ব্যবধানের জয় এনে দিয়েছেন তিনি। এই জয়ে এমএলএসে চলতি মৌসুমে মেসির গোলসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫-এ।বাংলাদেশ সময় রোববার (১৮ অক্টোবর) সকালে আটলান্টা ইউনাইটেডের মাঠে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধের শেষ মিনিটে এগিয়ে যায় ইন্টার মায়ামি। মেক্সিকান স্ট্রাইকার জার্মান বেরতেরামে গোল করে দলকে এগিয়ে দেন। বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ আরও দৃঢ়ভাবে নিজেদের হাতে নেয় মায়ামি।ম্যাচের ৫৬তম মিনিটে ডান দিক থেকে বল নিয়ে প্রতিপক্ষের রক্ষণে ঢুকে বেরতেরামের সঙ্গে বল দেওয়া-নেওয়া করেন মেসি। এরপর এক ডিফেন্ডারকে কাটিয়ে নিচু শটে জালে বল পাঠান আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।চার মিনিট পর আবারও গোল করেন মেসি। এবার লুইস সুয়ারেজের বাড়ানো বলে পাল্টা আক্রমণে এগিয়ে গিয়ে প্রতিপক্ষের আরেক ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন তিনি।আরও পড়ুন, জিম্বাবুয়ের কাছে বড় হার, ফাইনালে উঠতে কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ মেসির জোড়া গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ইন্টার মায়ামি।ম্যাচের ৮৯তম মিনিটে পেনাল্টি থেকে একটি গোল শোধ করেন আটলান্টার সাবেক মায়ামি ফরোয়ার্ড ফাফা পিকো। তবে তাতে ম্যাচের ফল বদলায়নি। ৩-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে মায়ামি।এই জোড়া গোলের মাধ্যমে এমএলএসের গোল্ডেন বুটের দৌড়ে মেসি নিজের অবস্থান আরও শক্ত করেছেন। ২৫ গোল নিয়ে তিনি প্রতিযোগিতার সর্বোচ্চ গোলদাতা। পাশাপাশি তাঁর অ্যাসিস্টসংখ্যা ১৫-তে পৌঁছেছে, যা লস অ্যাঞ্জেলেস এফসির সন হিউং-মিনের সঙ্গে যৌথভাবে লিগে সর্বোচ্চ। এমএলএসের ইতিহাসে টানা তিন মৌসুমে অন্তত ১৫টি করে অ্যাসিস্ট করা প্রথম খেলোয়াড়ও হয়েছেন মেসি।এ জয়ের মধ্য দিয়ে টানা তৃতীয় জয় পেয়েছে ইন্টার মায়ামি। প্লে-অফ নিশ্চিত করা দলটি ইস্টার্ন কনফারেন্সের শীর্ষস্থানীয় দলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যাচ্ছে। অন্যদিকে, আটলান্টা ইউনাইটেডের প্লে-অফে জায়গা করে নেওয়ার লড়াই আরও কঠিন হয়ে উঠেছে।পরবর্তী ম্যাচে নিউইয়র্ক রেড বুলসের মুখোমুখি হবে ইন্টার মায়ামি। মেসির এমন ধারাবাহিক পারফরম্যান্সে মৌসুমের শেষ পর্যায়ে দলটির আত্মবিশ্বাস আরও বাড়বে বলে আশা করছেন সমর্থকেরা।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত