প্রিন্ট এর তারিখ : ১৮ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬
সেনাবাহিনীর সাত ইউনিটকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড দিলেন তারেক রহমান
সংবাদ দিগন্ত ||
বাংলাদেশ সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের সাতটি ইউনিটকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড বা জাতীয় পতাকা প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৮ অক্টোবর) সকালে সাভার সেনানিবাসে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব ইউনিটের হাতে জাতীয় পতাকা তুলে দেন।সকাল সোয়া ৯টার দিকে সাভার সেনানিবাসে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এ সময় সেনাবাহিনীর একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। পরে সেনাসদস্যদের সঙ্গে সালাম বিনিময় করেন প্রধানমন্ত্রী।পেশাগত সাফল্যের স্বীকৃতিস্বরূপ ৭ ও ৩২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, ২৫ এয়ার ডিফেন্স রেজিমেন্ট, ৯ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন, ৫৬ ও ৫৭ ইস্ট বেঙ্গল এবং প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট ন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্জন করে।অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ন্যাশনাল স্ট্যান্ডার্ড শুধু একটি পতাকা নয়; এটি সংশ্লিষ্ট ইউনিটের ইতিহাস, ঐতিহ্য, শৃঙ্খলা, আত্মত্যাগ, পেশাদারত্ব এবং দেশের প্রতি অঙ্গীকারের প্রতীক। জাতীয় পতাকা স্বাধীনতা ও সার্বভৌমত্বের পাশাপাশি অসংখ্য মানুষের আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেয়।তিনি বলেন, জাতীয় পতাকা অর্জনের অর্থ হলো অর্পিত দায়িত্ব আরও নিষ্ঠার সঙ্গে পালনের নতুন শপথ। পতাকার মর্যাদা রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব।আরও পড়ুন, জাতীয় পতাকার মর্যাদা রক্ষা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রীআধুনিক সশস্ত্র বাহিনীর সক্ষমতা প্রসঙ্গে তারেক রহমান বলেন, অস্ত্র, সরঞ্জাম ও জনবলের পাশাপাশি শৃঙ্খলা, দক্ষতা, নেতৃত্ব, নৈতিকতা, প্রশিক্ষণ এবং জনগণের আস্থা একটি বাহিনীর প্রকৃত শক্তি। বিশেষ করে চেইন অব কমান্ড বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।প্রধানমন্ত্রী আরও বলেন, পরিবর্তিত বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতিতে ড্রোন, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার স্পেস, মহাকাশ ও ইলেকট্রনিক যুদ্ধের মতো প্রযুক্তি জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। এ বাস্তবতায় প্রতিরক্ষা সক্ষমতা আধুনিকায়নের কার্যক্রম চলছে।তিনি জানান, সেনাবাহিনীর আধুনিকায়নের পাশাপাশি দেশে অস্ত্র, গোলাবারুদ ও প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে দেশীয় প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে প্রয়োজনের সময় সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বিতভাবে কাজ করার সক্ষমতা গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে ঢাকা-আরিচা মহাসড়কসহ সাভার সেনানিবাসের আশপাশের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। এ সময় সড়কের দুই পাশে দাঁড়িয়ে স্থানীয় বাসিন্দারা হাত নেড়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত