প্রিন্ট এর তারিখ : ১৭ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬
রিবা পুরস্কার জিতল বাংলাদেশের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি
সংবাদ দিগন্ত ||
বাংলাদেশের স্থাপত্যশিল্পে নতুন অর্জন। রংপুরের ‘গ্রিন ফিল্ড ফ্যাক্টরি’ জিতেছে আন্তর্জাতিকভাবে মর্যাদাপূর্ণ ‘রিবা আন্তর্জাতিক পুরস্কার’। প্রচলিত শিল্পকারখানার ধারণা বদলে দিয়ে সবুজ পরিবেশ, নান্দনিক নকশা এবং শ্রমিকদের কল্যাণকে গুরুত্ব দেওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা পেয়েছে কারখানাটি। বৃহস্পতিবার ১৫ অক্টোবর ঘোষিত এ পুরস্কার দিয়েছে রয়্যাল ইনস্টিটিউট অব ব্রিটিশ আর্কিটেক্টস—রিবা। ২০১৬ সালে চালু হওয়া এই পুরস্কারে ভবনের সৌন্দর্যের পাশাপাশি মানুষের জীবনযাত্রা, সামাজিক কল্যাণ এবং পরিবেশের সঙ্গে স্থাপত্যের সামঞ্জস্যকে গুরুত্ব দেওয়া হয়। রংপুর শহরে অবস্থিত সাততলা গ্রিন ফিল্ড ফ্যাক্টরি গড়ে উঠেছে এক লাখ ৪৪ হাজার বর্গফুটেরও বেশি জায়গাজুড়ে। কারখানাটির নকশা করেছে বাংলাদেশের স্থাপত্য প্রতিষ্ঠান নকশাবিদ আর্কিটেক্টস। এর নকশায় অনুপ্রেরণা নেওয়া হয়েছে ঐতিহ্যবাহী বাঙালি বাড়ির উঠান, পুকুর ও খোলামেলা পরিবেশ থেকে। কারখানাটিতে রয়েছে সবুজ গাছপালা, সাজানো বাগান, পুকুরঘেরা হাঁটার পথ এবং ছায়াঘেরা বারান্দা। প্রায় পাঁচ হাজার শ্রমিক এখানে কাজ করেন, যাদের অধিকাংশই নারী।আরও পড়ুন,পাঁচ দিন পর সারাদেশে কমতে পারে তাপমাত্রাশ্রমিকদের জন্য রাখা হয়েছে শিশুদের যত্ন নেওয়ার ডে-কেয়ার সেন্টার, চিকিৎসাকেন্দ্র এবং বিশ্রাম ও পারস্পরিক যোগাযোগের জায়গা। কারখানাটির অন্যতম বিশেষ বৈশিষ্ট্য হলো এর কেন্দ্রীয় প্রবেশপথ। শ্রমিক, ব্যবস্থাপক ও মালিক—সবাই একই প্রবেশপথ ব্যবহার করেন। রিবার বিচারকদের মতে, এই নকশা কর্মক্ষেত্রে সমতা ও সবার মর্যাদার প্রতীক। কারখানাটিকে বিচারকেরা ‘নীরব বিনয়ের এক নিদর্শন’ হিসেবেও উল্লেখ করেছেন। নকশাবিদ আর্কিটেক্টসের প্রতিষ্ঠাতা ও প্রধান বায়েজিদ এম. খন্দকারের লক্ষ্য ছিল, শিল্পকারখানাকেও মানুষের জন্য সুন্দর, সবুজ ও স্বস্তিদায়ক পরিবেশে রূপ দেওয়া। তাঁর সেই ভাবনার প্রতিফলন ঘটেছে কারখানাটির প্রতিটি অংশে। রিবা আন্তর্জাতিক পুরস্কারের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের দুটি স্থাপনা জায়গা পেয়েছিল। রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরির পাশাপাশি ছিল ঢাকার জলবায়ু-সহনশীল নকশার ব্র্যাক ইউনিভার্সিটি। শেষ পর্যন্ত গ্রিন ফিল্ড ফ্যাক্টরির এই অর্জন আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের স্থাপত্যশিল্পের সক্ষমতা ও শ্রমিকবান্ধব কর্মপরিবেশের ধারণাকে নতুন করে তুলে ধরেছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত