প্রিন্ট এর তারিখ : ১৭ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬
গাজীপুরে সাংবাদিকদের ওপর হামলা
জোবায়ের হোসেন ইফতি ||
গাজীপুর
গাজীপুরের কাশিমপুর সেটেলমেন্ট অফিসের কার্যক্রম নিয়ে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. সাইফুল ইসলাম সরকারের বিরুদ্ধে কাশিমপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সাংবাদিকরা।
গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে কাশিমপুর সেটেলমেন্ট অফিসে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, সেটেলমেন্ট অফিসের কার্যক্রমে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে এমন খবরের ভিত্তিতে কয়েকজন গণমাধ্যমকর্মী সেখানে উপস্থিত হন। তবে ঘটনাস্থলে গিয়ে তারা অফিসের কোনো কর্মকর্তাকে উপস্থিত পাননি। এ সময় কর্মকর্তাদের না পেয়ে সাংবাদিকরা নিজেদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলেন। অভিযোগ, ঠিক সেই মুহূর্তে স্থানীয় এক ব্যক্তি নিজেকে বিএনপির পরিচয় দিয়ে সাংবাদিকদের অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং অতর্কিত হামলা চালান। আরও পড়ুন, উখিয়ার রিসোর্টে ভয়াবহ আগুনে ৭ জনের মৃত্যু, স্বজনের খোঁজে নারীর আহাজারি পরে ওই ব্যক্তির নাম মো. সাইফুল ইসলাম সরকার বলে জানতে পারেন সাংবাদিকরা। স্থানীয় কয়েকজনের দাবি, অতীতেও রাজনৈতিক পরিচয় ব্যবহার করে তিনি সাধারণ মানুষকে হয়রানি করেছেন।
সাংবাদিকদের অভিযোগ, ঘটনার পর তারা কাশিমপুর থানায় সাইফুল ইসলাম সরকারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের ২৪ ঘণ্টার বেশি সময় পার হলেও প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো সাড়া পাননি বলে দাবি করেছেন তারা।
এদিকে, সাংবাদিকদের চাঁদাবাজ আখ্যা দিয়ে সাইফুল ইসলাম সরকার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিওবার্তা দিয়েছেন বলে অভিযোগ করেছেন সাংবাদিকরা। তাদের দাবি, ভিডিওবার্তায় দেওয়া বক্তব্য মিথ্যা ও ভিত্তিহীন। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সাংবাদিক সমাজ অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।
সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পেশাগত দায়িত্ব পালনে বাধা প্রদান ও হামলার অভিযোগ নিরপেক্ষভাবে তদন্তের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট গণমাধ্যমকর্মীরা।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত