প্রিন্ট এর তারিখ : ১৭ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬
উখিয়ার রিসোর্টে ভয়াবহ আগুনে ৭ জনের মৃত্যু, স্বজনের খোঁজে নারীর আহাজারি
সংবাদ দিগন্ত ||
কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকালে মেরিন ড্রাইভের পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকার টুপটুপ রিসোর্টে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের পর উদ্ধার কার্যক্রম চালানো হচ্ছে। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।অগ্নিকাণ্ডের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এক নারীকে স্বজনের খোঁজে আহাজারি করতে দেখা যায়। কান্নাজড়িত কণ্ঠে তিনি বারবার বলছিলেন, ‘আমার সাইফকে আইন্না দাও।’ ওই নারী পূজার ছুটিতে পরিবারের সদস্যদের নিয়ে কক্সবাজারে বেড়াতে এসেছিলেন বলে জানা গেছে। তবে সাইফ তাঁর কী হন এবং তিনি জীবিত আছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা দোলন আচার্য ঘটনাস্থল থেকে সাতটি মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার সময় রিসোর্টটিতে ১৭ জন পর্যটক ছিলেন। প্রাথমিকভাবে নিহত ব্যক্তিরা পর্যটক বলে ধারণা করা হচ্ছে। তবে তাঁদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।আরও পড়ুন, জমকালো আয়োজনে লামায় দৈনিক কালবেলার বর্ষপূর্তি উদযাপনউখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানিয়েছেন, অগ্নিকাণ্ডে একাধিক ব্যক্তির মৃত্যুর আশঙ্কা রয়েছে। তবে প্রকৃত হতাহতের সংখ্যা নিশ্চিত করতে সময় লাগবে।ফায়ার সার্ভিস সূত্র জানায়, শনিবার সকাল ৭টার দিকে রিসোর্টটিতে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে সকাল ৮টা থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর রিসোর্টটিতে উদ্ধার কার্যক্রম শুরু করা হয়।অগ্নিকাণ্ডে রিসোর্টটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে, ঘটনার পর রিসোর্ট কর্তৃপক্ষের লোকজন সেখান থেকে চলে গেছেন বলে জানা গেছে। তবে আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং রিসোর্টটির অগ্নিনিরাপত্তাব্যবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।ঘটনাটি ঘিরে পর্যটকদের নিরাপত্তা ও রিসোর্টের অগ্নিনিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং দায়দায়িত্ব নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের ফল জানা প্রয়োজন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত